টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আগামীকাল রোববার মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। আহমেদাবাদে সন্ধ্যা সাড়ে ৭টায় গড়াবে শিরোপা নির্ধারণী এই ম্যাচ।
মাঠের উত্তপ্ত লড়াই শুরুর আগে অবশ্য সমর্থকদের জন্য থাকছে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রায় এক লাখ দর্শকের সামনে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য সংগীতানুষ্ঠান।
সেখানে পারফর্ম করবেন পুয়ের্তো রিকোর গ্র্যামি জয়ী গায়ক রিকি মার্টিন, ‘ডান্ডিয়া কুইন’ ফাল্গুনি পাঠক ও বলিউডের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার সুখবিন্দর সিং। থাকতে পারে আরো চমক।
এদিকে ফাইনাল ঘিরে আহমেদাবাদ হয়ে উঠেছে উৎসবের নগরী। ক্রিকেট উন্মাদনায় মুখরিত হয়ে উঠেছে গোটা দেশ। ফাইনাল ম্যাচ দেখতে আহমেদাবাদে যেতে হুমড়ি খেয়ে পড়ছে সবাই।
এমতাবস্থায় বিশেষ এক উদ্যোগ নিয়েছে ওয়েস্টার্ন রেলওয়ে। ম্যাচের দিন মুম্বাই থেকে আহমেদাবাদ পর্যন্ত একটি বিশেষ ট্রেন চালু করা হবে। আহমেদাবাদগামী বিমানভাড়াও ইতোমধ্যে অনেক বেড়ে গেছে।


