হ্যাটট্রিক জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

রাইজিং স্টারস এশিয়া কাপে মালয়েশিয়াকে ৯০ রানে হারিয়ে টানা তৃতীয় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ, যেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান।

নয়া দিগন্ত অনলাইন
মালয়েশিয়াকে ৯০ রানে হারিয়েছে বাংলাদেশ
মালয়েশিয়াকে ৯০ রানে হারিয়েছে বাংলাদেশ |সংগৃহীত

টানা দুই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল আগেই, এবার তৃতীয় ম্যাচেও জয় পেল জুনিয়র টাইগ্রেসরা। হ্যাটট্রিক জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই রাইজিং স্টারস এশিয়া কাপের সেমিফাইনালে যাচ্ছে বাংলাদেশ।

ব্যাংককে মালয়েশিয়াকে ৯০ রানে হারিয়েছে বাংলাদেশ। বুধনার আগে ব্যাট করে ৭ উইকেটে ১৫১ রান করে টাইগ্রেসরা। জবাবে পুরো ২০ ওভার খেলেও ৬১ রানের বেশি করতে পারেনি মালয়েশিয়া।

এই জয়ে ‘বি’ গ্রুপে তিন ম্যাচের সবকটি জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। শুক্রবার দুপুরে গড়াবে ম্যাচটি।

ব্যাটে বলে অলরাউন্ড পারফরম্যান্সে জয়ের নায়ক লতা মণ্ডল। ৪৪ বলে ৪৮ রানের ইনিংস খেলার পর বল হাতে ২ ওভারে মাত্র ২ রান দিয়ে ১ উইকেট শিকার করেছেন লতা।

বাংলাদেশের শুরুটা অবশ্য এদিন ভালো হয়নি। রানের খাতা খোলার আগেই বিদায় নেন ইশমা তানজিম। আরেক ওপেনার রুবিয়া হায়দার ১১ বলে ১৪ রান করে আউট হন। দলীয় ৪২ রানে সুমাইয়া (০) রানআউট হন।

অষ্টম ওভারে ফের ধাক্কা খায় বাংলাদেশ। থিতু হয়ে যাওয়া শারমিন আক্তারও বিদায় নেন। ২৫ বলে ৩০ রান আসে তার ব্যাটে। বাংলাদেশের স্কোর দাঁড়ায় তখন ৫২ রানে ৪ উইকেট।

এরপর লতা মণ্ডল ও অধিনায়ক ফাহিমা খাতুনের মধ্যে এবার ৫৫ রানের জুটি হয়। দলীয় ১০৭ রানে বিদায় নেন ফাহিমা। ২৪ বলে ২৯ রান করেন টাইগ্রেস অধিনায়ক।

আর সাতে নেমে ১১ বলে ১৯ রানের ক্যামিও খেলেন সাদিয়া আক্তার। অন্যদিকে ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ৪৪ বলে ৪৮ রান করেন লতা। মালয়েশিয়ার নুর দানিয়া নেন ২ উইকেট।

জবাব দিতে নেমে বাংলাদেশের বোলারদের তোপে হাঁসফাঁস করতে থাকেন মালয়েশিয়ার মেয়েরা। আটে নামা নুর আরিয়ানা ছাড়া আর কেউই দুই অঙ্কের যতে পারেননি। ২৪ বলে ২২ রান করেন তিনি।

ফাতেমা জাহান ৪ ওভারে ১০ রানে ৩টি উইকেট শিকার করেন। এছাড়া শরিফা খাতুন ১৩ রানে ২টি উইকেট নেন। সাথে ফারজানা ইয়াসমিন, ইশমা ও লতা ১টি করে উইকেট শিকার করেন।