প্রথম সেশনটা মোটেও ভালো যায়নি বাংলাদেশের। তবে দ্বিতীয় সেশনে খানিকটা ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। এসেছে ৩ উইকেট। তাতে ৫৬ ওভার শেষে ৪ উইকেটে ১৮৪ রান নিয়ে চা বিরতিতে আয়ারল্যান্ড।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ (সোমবার) সাড়ে ৯টায় শুরু হয় খেলা। যেখানে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত আইরিশদের।
বল হাতে শুরুটা ভালোই হয় বাংলাদেশের। প্রথম ওভারে কোনো রান যোগ হবার আগেই ভাঙে আইরিশদের উদ্বোধনী জুটি। অধিনায়ক এন্ড্রু বালবির্নিকে (০) এলবিডব্লুউ করেন হাসান মাহমুদ।
সেই শেষ, এরপর ২৫ ওভারে টাইগার বোলারদের ধৈর্যের পরীক্ষাই নিয়েছেন পল স্টার্লিং-ক্যাড কারমাইকেলরা। ২৬ ওভার শেষে ১ উইকেটে ৯৪ রান নিয়ে প্রথম সেশন শেষ করে আয়ারল্যান্ড।
তবে মাঠে ফিরতেই প্রথম ওভারেই ফেরেন পল স্টার্লিং। নাহিদ রানার বলে স্লিপে এবার তার ক্যাচটি লুফে নেন সাদমান ইসলাম। ৭৬ বলে ৬০ রান করেন তিনি। পরের ওভারেই মেহেদী মিরাজের শিকার হ্যারি টেক্টর (১)।
৯৭ রানে তৃতীয় উইকেট হারায় আয়ারল্যান্ড। ২৮.২ ওভারে দলীয় শতক পূরণ করে তারা। এদিকে উইকেটে বেশ জমে গিয়েছিলেন কারমাইকেল। তবে দলীয় ১৫০ রানে তার উইকেট হারিয়ে বসে আইরিশরা।
ফেরার আগে অভিষেক ইনিংসে ১২৯ বল খেলে ৫৯ রান করেন তিনি। তাকেও স্পিন জালে বন্দী করেন মিরাজ। এরপর লরকান টাকার (২২) ও কার্টিস ক্যাম্ফার (৩৫) মিলে ধরেছেন হাল। জুটিতে ৩৪ রান তুলে চা বিরতিতে যায় দল। বিরতির পর ফের শুরু হয়েছে খেলা।



