শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নতুন কমিটিতে সাঙ্গাকারা-মহানামা

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতা ও দীর্ঘদিনের দুর্নীতির অভিযোগের প্রেক্ষাপটে নেয়া এ কমিটির লক্ষ্য ক্রিকেট বোর্ডে স্বচ্ছতা আনা, আর্থিক জবাবদিহিতা নিশ্চিত করা এবং দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি করা।

নয়া দিগন্ত অনলাইন
কুমার সাঙ্গাকারা ও রোশন মহানামা
কুমার সাঙ্গাকারা ও রোশন মহানামা |ইন্টারনেট

দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে শাম্মি সিলভার নেতৃত্বাধীন বোর্ড সম্প্রতি পদত্যাগ করার পর শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) পরিচালনার জন্য নয় সদস্যের ‘ট্রান্সফরমেশন কমিটি’ গঠন করেছে দেশটির সরকার।

কমিটিতে আছেন সাবেক তিন ক্রিকেটার কুমার সাঙ্গাকারা, রোশন মহানামা ও সিদাথ ওয়েটিমুনি। কমিটির বেশিরভাগ সদস্যই কর্পোরেট, আইন ও রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিত্ব।

কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সাবেক সংসদ সদস্য এরান বিক্রমারত্নেকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতা ও দীর্ঘদিনের দুর্নীতির অভিযোগের প্রেক্ষাপটে নেয়া এ কমিটির লক্ষ্য ক্রিকেট বোর্ডে স্বচ্ছতা আনা, আর্থিক জবাবদিহিতা নিশ্চিত করা এবং দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি করা।

কমিটির দায়িত্ব পাওয়ার পর এক বিবৃতিতে বিক্রমারত্নে বলেন, ‘এমন একটি দক্ষ এবং সৎ কমিটির নেতৃত্ব দেয়ার সুযোগ পাওয়া আমার জন্য সৌভাগ্যের।’

‘ট্রান্সফরমেশন কমিটি’র দু’টি প্রধান লক্ষ্য তুলে ধরে বিক্রমারত্নে বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য হলো- এসএলসির শাসন কাঠামো সম্পূর্ণভাবে ঢেলে সাজানো। আমাদের দ্বিতীয় লক্ষ্য হলো- মাঠের খেলায় শ্রেষ্ঠত্ব নিশ্চিত করা। আমরা এমন একটি কাঠামো ও বিশ্বমানের সুযোগ-সুবিধা এবং ইনসেনটিভ মডেল তৈরির দিকে মনোযোগ দেবো, যা আমাদের জাতীয় দলগুলোকে শক্তিশালী করবে।’

তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো খেলোয়াড়দের ধারাবাহিকভাবে বিশ্বমানের পারফরমেন্স করা এবং আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ফিরে পাওয়া।’