সময়টা ভালো যাচ্ছে না দিল্লি ক্যাপিটালসের। ভাগ্যকে পাশে পাচ্ছে না দলটা। আগের ম্যাচে ২৬৪ রান করেও জয়ের মুখ না দেখা দিল্লি গতরাতে পড়েছিল ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে।
সোমবার ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে দিল্লি গুটিয়ে যায় মাত্র ৭৫ রানে। তবে এর চেয়েও বেশি লজ্জার তথ্য হলো, মাত্র ৮ রানেই ৬ উইকেট হারায় তারা।
ম্যাচের শুরু থেকেই দিল্লির ব্যাটিং লাইনআপ ছিল সম্পূর্ণ বিপর্যস্ত। পাওয়ার প্লেতেই তারা ৬ উইকেট হারিয়ে মাত্র ১৩ রান তুলতে সক্ষম হয়, যা আইপিএলের পাওয়ার প্লেতে অন্যতম বাজে পারফরম্যান্স।
এর আগে পাওয়ার প্লেতে সর্বনিম্ন স্কোরের নজির ছিল রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদের। যারা বিভিন্ন আসরে ৬ ওভারে ১৪ রান তুলেছিল। দিল্লি লজ্জার সেই রেকর্ডও ভেঙে দিলো।
দিল্লির ইনিংসে ধস নামান মূলত জশ হ্যাজলউড ও ভুবনেশ্বর কুমার। দুজনেই পাওয়ার প্লেতে ৩টি করে উইকেট তুলে নিয়ে দিল্লিকে শুরুতেই ম্যাচ থেকে ছিটকে দেন। স্পিনার সুয়াশ শর্মাও ছিলেন দুর্দান্ত।
৪ ওভারে ২০টি ডট বল দেন, যা আইপিএল ইতিহাসে বিরল ঘটনা। যদিও উইকেট নেন মাত্র ১টি। ১২ রানে ৪ উইকেট নেন হ্যাজলউড, ৭ রানে ৩ উইকেট শিকার করেন ভুবনেশ্বর কুমার।
মাত্র ৭৬ রানের লক্ষ্য তাড়ায় বেঙ্গালুরু ম্যাচ শেষ করে ফেলে ৮১ বল হাতে রেখেই। এটি আইপিএলের লক্ষ্য তাড়ায় দ্বিতীয় সর্বোচ্চ বল হাতে রেখে জয়গুলোর একটি। তবে এর মাঝেই বিরাট কোহলি গড়েন দারুণ এক রেকর্ড।
অপরাজিত ২৩ রান করার পথে আইপিএল ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে স্পর্শ করেন ৯ হাজার রানের গণ্ডি। তার মোট রান এখন ৯০১২।



