তাওহীদের ধারাবাহিকতা, সাকিবের অলরাউন্ড ঝলকে জাফনার জয়

চার নম্বরে নেমে ১৬ বলে ২১ রান করেন তাওহীদ। শেষ দিকে ১৬ বলে ২২ রান করে দলের সংগ্রহ করতে সাহায্য করেন সাকিব। পাশাপাশি ৪৩ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
ম্যাচের একটি দৃশ্য
ম্যাচের একটি দৃশ্য |নয়া দিগন্ত অনলাইন

বাংলাদেশী দুই তারকায় আলোকিত হলো লঙ্কা প্রিমিয়ার লিগ। একদিকে তাওহীদ হৃদয় ধরে রাখলেন নিজের ধারাবাহিকতা, আর সাকিব আল হাসান দেখালেন অলরাউন্ড নৈপুণ্য। তাতে ক্যান্ডি রয়্যালসকে ২১ রানে হারিয়েছে জাফনা কিংস।

চার নম্বরে নেমে ১৬ বলে ২১ রান করেন তাওহীদ। ইনিংসে ছিল একটি চার ও একটি ছক্কা। এর আগে ক্যান্ডি রয়্যালসের বিপক্ষেই নিজের প্রথম দুই ম্যাচে ২১ বলে ৩৫ ও ৮ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন তাওহীদ।

শেষ দিকে নেমে ঝড় তোলেন সাকিব আল হাসান। ১৬ বলে ২২ রান করেন তিনি, যেখানে ছিল একটি চার ও একটি ছক্কা। ১৮তম ওভারে শাহীন শাহ আফ্রিদিকে প্রথমে চার, পরে বিশাল এক ছক্কা হাঁকিয়ে দলের সংগ্রহ বড় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

শেষ পর্যন্ত ৬ উইকেটে ২২১ রান তোলে জাফনা। যা তাড়া করতে নেমে ক্যান্ডি রয়্যালস সব উইকেট হারিয়ে ২০০ রানেই থামে। বল হাতেও দারুণ ছিলেন সাকিব। চার ওভারে ৪৩ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।