এবারের বিপিএলের ফাইনাল মাঠে গড়াচ্ছে শুক্রবার। কিন্তু ফাইনালের উত্তেজনার চেয়েও বেশি আলোচনায় এখন বাংলাদেশ জাতীয় দলের আসন্ন বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা।
নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতের মাঠে বিশ্বকাপ খেলতে যেতে আপত্তি জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বাংলাদেশের সেই আবেদন প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বুধবার বোর্ড সভা শেষে আইসিসি জানিয়ে দেয়, বাংলাদেশকে সব ম্যাচ খেলতে হবে ভারতের ভেন্যুতেই।
এই পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য আইসিসির কাছে ২৪ ঘণ্টা সময় চেয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এর মধ্যেই নতুন মোড় নেয় বিষয়টি। বৃহস্পতিবার বিকেল ৩টায় বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সাথে বৈঠকে বসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।
বিশ্বকাপ দলে থাকা অফ স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান জানিয়েছেন, ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ খেলতে যাওয়ার ইচ্ছা সবারই থাকে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব বোর্ড ও সরকারের।
মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মেহেদি বলেন, ‘দেখেন ক্রিকেটার হিসেবে কে চাইবে না বিশ্বকাপ খেলতে? সবাই চাইবে বিশ্বকাপ খেলতে। তবে এইটা পুরো বোর্ডের সিদ্ধান্ত। সরকারেরও একটা সিদ্ধান্ত আছে। আসলে তারা আমাদের অভিভাবক। তারা যা বলবে আসলে... ক্রিকেটার হিসেবে আমাদের সেটাই করা উচিত আমার মনে হয়।’
চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মেহেদি নিজেও থাকছেন আসিফ নজরুলের সাথে এই বৈঠকে। তবে বৈঠকের আলোচ্য বিষয় বা সিদ্ধান্ত সম্পর্কে এখনো স্পষ্ট কিছু জানা নেই।
এ বিষয়ে মেহেদি বলেন, ‘এখনো এ নিয়ে কোনো বিস্তারিত কথা হয়নি। শুধু বিশ্বকাপ স্কোয়াডে থাকা প্রত্যেক ক্রিকেটারকে ব্যক্তিগতভাবে টেক্সট করে মিটিংয়ের কথা জানানো হয়েছে। সেখানে গেলে আসলে বোঝা যাবে কী হয়।’



