মধ্যপ্রাচ্যে চলমান সঙ্কটে টানটান উত্তেজনা বিরাজ করছে বিশ্বজুড়ে। আরব দেশগুলোতে কিছুক্ষণ পর পরই শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ।
এই সঙ্কটে শঙ্কিত ক্রিকেট অঙ্গনও। পাকিস্তান এ দলের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাত সফরে এসে আটকা পড়েছে ইংল্যান্ড ‘এ’ দল।
টি-টোয়েন্টি সিরিজের পর এখন চলছিল ওয়ানডে সিরিজ। যেখানে প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জিতেছে ইংলিশরাই। আজ রোববার আবুধাবিতে ছিল দ্বিতীয় ওয়ানডে ম্যাচ।
কিন্তু মধ্যপ্রাচ্যে রাজনৈতিক অস্থিরতার কারণে ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়েছে। এমনকি সিরিজটিও বাতিল করা হয়েছে।
ইসিবি নিশ্চিত করেছে, সরকারের নির্দেশনা মেনে এই সিদ্ধান্ত নিয়েছে তারা।
ইসিবি এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের দল ও স্টাফদের নিরাপত্তা সবার আগে। তাই বর্তমান পরিস্থিতির কারণে আমরা নিরাপত্তা বিশেষজ্ঞ ও সরকারের সাথে যোগাযোগ রাখছি এবং তাদের নির্দেশনা মানা হচ্ছে।’
এদিকে আরব আমিরাতে এসে আটকা পড়াদের দলে আছেন ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার জনি বেয়ারেস্টোও। সেখান থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানিয়েছেন দেশে ফেরার আকুতি।
মূলত মধ্যপ্রাচ্য ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি বিবৃতি দেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী স্টারমার। সেখানে কমেন্ট করে জনি বেয়ারেস্টো লেখেন, ‘আপনি কি আমাদের দেশে ফিরিয়ে নিয়ে যেতে পারবেন?’
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের এমন অবস্থায় বাতিল করা হয়েছে পূর্ব নির্ধারিত সব ফ্লাইটও। এমনকি বেয়ারেস্টো নিজেই বিমান সংস্থা এমিরেটসের সাথে যোগাযোগ করেও কোনো সাহায্য পাননি।
সব মিলিয়ে ভীতিকর এক পরিস্থিতি ইংলিশ শিবিরে।



