তৃতীয় দিনেও দাপট বাংলাদেশের, মিরাজের ফিফটি

শনিবার দিনের শুরুতে ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ প্রথম সেশনে আরো ৬৬ রান যোগ করে। এই সময় হারাতে হয় ২ উইকেট।

নয়া দিগন্ত অনলাইন
মেহেদী হাসান মিরাজ
মেহেদী হাসান মিরাজ |সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে দাপট অব্যাহত বাংলাদেশের। ডারউইন টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন শেষেও চালকের আসনে টাইগাররা। মধ্যাহ্নবিরতির আগে ৮ উইকেটে ৪১৭ রান তুলেছে টাইগাররা, লিড বেড়ে দাঁড়িয়েছে ২১৯ রান।

শনিবার দিনের শুরুতে ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ প্রথম সেশনে আরো ৬৬ রান যোগ করে। এই সময় হারাতে হয় ২ উইকেট। দুই উইকেটই নিয়েছেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড। তবে তাতে বাংলাদেশের অগ্রযাত্রা থামেনি।

বরং লোয়ার অর্ডারে দাঁড়িয়ে দলের লিড আরো বড় করেছেন মেহেদী হাসান মিরাজ। দুর্দান্ত ধৈর্য আর দায়িত্বশীল ব্যাটিংয়ে তিনি অপরাজিত আছেন ১৫২ বলে ৬৬ রানে। তাকে সঙ্গ দিচ্ছেন তাসকিন আহমেদ (১২)।

অস্ট্রেলিয়ার জন্য পরিস্থিতি আরো কঠিন করে তুলেছে বাংলাদেশের প্রথম ইনিংসের বড় লিড।

এর আগে স্বাগতিকরা প্রথম ইনিংসে মাত্র ১৯৮ রানে অলআউট হয়। হাসান মাহমুদ একাই নিয়েছিলেন ৬ উইকেট। এরপর বাংলাদেশের ব্যাটারদের দারুণ প্রতিরোধে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই চলে আসে সফরকারীদের হাতে।

দ্বিতীয় দিনে তানজিদ হাসান তামিমের ঐতিহাসিক সেঞ্চুরি, অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৮৪ ও মুশফিকুর রহিমের ৪৯ রান বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে যায়। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশী হিসেবে তিন অঙ্কে পৌঁছান তামিম, ১০১।

এখন বাংলাদেশের সামনে লক্ষ্য একটাই- লিডকে যতটা সম্ভব বড় করা। হাতে আছে আরো ২ উইকেট। লিড ২৫০ বা তার বেশি হলে অস্ট্রেলিয়ার সামনে চতুর্থ ইনিংসে বড় রান তাড়া করার কঠিন পরীক্ষা অপেক্ষা করছে।

অস্ট্রেলিয়ার মাটিতে এর আগে টেস্টে বাংলাদেশ কখনো জিততে পারেনি। সেই ইতিহাস বদলে ওয়ার দারুণ সুযোগ এখন নাজমুল হোসেন শান্তর দলের সামনে। তৃতীয় দিনের প্রথম সেশন শেষে সেই স্বপ্ন থেকে বাংলাদেশ আর খুব বেশি দূরে নয়।