ক্যারিয়ার সেরা অবস্থানে শান্ত, বড় লাফ তানজিদ-হাসানের

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ টেস্ট দল
বাংলাদেশ টেস্ট দল |ইন্টারনেট

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে ঐতিহাসিক জয়ের পর আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় ধরনের উন্নতি হয়েছে টাইগার ক্রিকেটারদের। ক্যারিয়ারে প্রথমবারের মতো শীর্ষ বিশে জায়গা করে নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

তবে সবচেয়ে বড় লাফ দিয়েছেন তানজিদ হাসান। উন্নতি হয়েছে মুমিনুল হক, সাদমান ইসলাম, মেহেদী হাসন মিরাজও। আর বোলিংয়ে ২৬ ধাপ এগিয়েছেন জয়ের অন্যতম নায়ক হাসান মাহমুদ। বল হাতে এগিয়েছেন তাসকিন-মিরাজও।

নয় বছরের টেস্ট ক্যারিয়ারে ৪৩ ম্যাচ খেলা শান্ত ইতোমধ্যে ৯টি সেঞ্চুরি করেছেন। ডারউইন টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ছিলেন আরো একটা সেঞ্চুরির পথে। তবে সেঞ্চুরি না পেলেও ৮৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে র‍্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়েছেন তিনি।

এখন ২০ নম্বরে থাকা শান্তর রেটিং পয়েন্ট ৬৫৯- যা তার ক্যারিয়ারের সেরা। এদিকে প্রথম ইনিংসে ৪৯ ও দ্বিতীয় ইনিংসে হার না মানা ৩০ রান করে র‍্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়েছেন মুমিনুল হক। তিনি এখন ৩১তম স্থানে।

র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছেন তানজিদ হাসান তামিম। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করে বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেয়া এই ওপেনার এক লাফে এগিয়েছেন ৮৪ ধাপ। মাত্র দুই টেস্ট খেলা তানজিদ এখন আছেন ৮৮তম স্থানে।

২০ ও অপরাজিত ২৫ রানের ইনিংস খেলে তিন ধাপ এগিয়েছেন সাদমান ইসলাম। তার অবস্থান এখন ৫৮। তার পরেই রয়েছেন মেহেদী মিরাজ। ডারউইনে ৬৫ রানের ইনিংস খেলে পাঁচ ধাপ এগিয়েছেন তিনি। অন্যদিকে লিটন দাস পাঁচ ধাপ পিছিয়ে ২৮ নম্বরে নেমে গেছেন।

বাংলাদেশের ব্যাটসম্যানদের মাঝে সবচেয়ে ওপরে আছেন মুশফিকুর রহিম। ২১ বছরের টেস্ট ক্যারিয়ারে প্রথমবার অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে নেমে একমাত্র ইনিংসে ৩৬ রান করেন ৩৯ বছর বয়সী এই ব্যাটার। র‍্যাঙ্কিংয়ে ১৮ নম্বর অবস্থান ধরে রেখেছেন তিনি।

বোলিং র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে হাসান মাহমুদের। ডারউইনে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের অন্যতম নায়ক এই পেসার এক লাফে ২৬ ধাপ এগিয়েছেন। এখন ৩৮তম স্থানে আছেন তিনি। তার রেটিং পয়েন্ট ৫০৩- এটি তার ক্যারিয়ারের সেরা।

দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেয়া মিরাজও বোলিং র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছেন। তার অবস্থান এখন ২৪। ম্যাচে মোট একটি উইকেট পেলেও বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম ১১তম স্থান ধরে রেখেছেন। বোলিং র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা অবস্থান এখনো তারই।

ডারউইন টেস্টে তিন উইকেট নেয়া তাসকিন আহমেদ এক ধাপ এগিয়ে ৪৯ নম্বরে উঠেছেন। এই সিরিজে না থাকা নাহিদ রানা এক ধাপ পিছিয়ে এখন ৬০তম স্থানে।

ব্যাটিং ও বোলিংয়ে উন্নতি হলেও অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে মিরাজের অবস্থানের পরিবর্তন হয়নি। ৩২০ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন তিন নম্বরে। তবে তার সাথে যৌথভাবে তিনে থাকা মিচেল স্টার্ক নেমে গেছেন চারে।