নির্বাচন নিয়ে বিসিবির তোড়জোড়, নির্ধারণ হলো কাউন্সিল সংখ্যা

এই কমিটির সামনে তাত্ত্বিক ও ব্যবহারিক, উভয় পরীক্ষারই মুখোমুখি হতে হবে কোচদের। ৬৪ জেলার কোচদেরই নিয়োগ পেতে এই প্রক্রিয়া ভেতর দিয়ে যেতে হবে।

নয়া দিগন্ত অনলাইন

নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু করেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির এডহক কমিটি। আগামী নির্বাচন সুষ্ঠভাবে আয়োজন করতে তিন দিনের মাঝে দুইবার সভায় বসেছেন দায়িত্বশীলরা।

গত সোমবারের সভা থেকে নির্বাচনী প্রক্রিয়া শুরুর ঘোষণা দেয়া হয়েছিল। আজ বুধবারের সভায় চূড়ান্ত করা হলো কাউন্সিলরের সংখ্যা ও কাউন্সিলর মনোনয়নের সময়সীমা।

আজ মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির ব্যবস্থাপনা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচনী সিদ্ধাসহ তিনটি নতুন সিদ্ধান্ত নেয়া হয়।

যে প্রসঙ্গে সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, গঠনতন্ত্রের ১২.৭ অনুচ্ছেদ অনুসারে, বিভিন্ন সংস্থা, ক্লাব ও সংগঠনগুলোর একটি তালিকা চূড়ান্ত করেছে বোর্ড, যেখান থেকে তিনটি ক্যাটেগরিতে ১৯২ জন কাউন্সিলরের নাম আহ্বান করা হবে।

এরপর সংশ্লিষ্ট সংস্থা, ক্লাব এবং সংগঠনগুলোকে তাদের কাউন্সিলরদের মনোনয়নের জন্য চিঠি পাঠাবে বোর্ড। কাউন্সিলরদের নাম জমা দেয়ার শেষ সময় আগামী ১৬ মে।

এ ছাড়াও আরো কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয়েছে এই সভায়। বর্তমান জেলা কোচদের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এই পদের জন্য যারা আবেদন করেছেন, তাদেরকে যথাযথ মূল্যায়নের জন্য একটি কমিটি গঠন করা হবে।

এই কমিটির সামনে তাত্ত্বিক ও ব্যবহারিক, উভয় পরীক্ষারই মুখোমুখি হতে হবে কোচদের। ৬৪ জেলার কোচদেরই নিয়োগ পেতে এই প্রক্রিয়া ভেতর দিয়ে যেতে হবে।

এ ছাড়াও ম্যাচ রেফারি ও আম্পায়ারদের চুক্তির মেয়াদ তিন মাসের জন্য বাড়ানোর অনুমোদন দিয়েছে বোর্ড। গত ৩০ এপ্রিল শেষ হয় তাদের আগের চুক্তির মেয়াদ।