ক্রিকেটে টানা ২১ জয়, অস্ট্রেলিয়ার রেকর্ড ভাঙল স্পেন

এবার ক্রিকেটে রাজত্ব করতে আসছে স্পেন। ফুটবলের পর বাইশগজেও দাপট দেখাচ্ছে লা রোজারা।

ক্রীড়া প্রতিবেদক
ক্রিকেটে টানা ২১ জয়, অস্ট্রেলিয়ার রেকর্ড ভাঙল স্পেন
ক্রিকেটে টানা ২১ জয়, অস্ট্রেলিয়ার রেকর্ড ভাঙল স্পেন |নয়া দিগন্ত

এবার ক্রিকেটে রাজত্ব করতে আসছে স্পেন। ফুটবলের পর বাইশগজেও দাপট দেখাচ্ছে লা রোজারা। ফুটবলে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার রেশ কাটতে না কাটতেই এবার ক্রিকেটে ইতিহাস গড়ল স্পেন। গড়েছে নয়া বিশ্বরেকর্ড।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা ২১ ম্যাচ জিতে নতুন বিশ্বরেকর্ড গড়েছে স্প্যানিশরা। ফিনল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে এই কীর্তি অর্জন করে তারা। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার দখলে।

২০০৩ সালে সেবার রিকি পন্টিংয়ের নেতৃত্বে ওয়ানডে ও টেস্ট মিলিয়ে টানা ২০ ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া। দীর্ঘ ২৩ বছর পর সেই রেকর্ড ভেঙে দিল স্পেন। সেই সঙ্গে ক্রিকেটে নিজেদের আগমনী বার্তা দিয়ে রাখল লা রোজারা।

বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ২৮ নম্বরে থাকা স্পেন গত তিন বছর ধরে এই সংস্করণে অপরাজিত। এই সময়ে জার্সি, ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, গ্রিস ও ফিনল্যান্ডসহ একাধিক প্রতিপক্ষকে হারিয়েছে তারা।

শুধু টানা জয়ের রেকর্ডই নয়, সাম্প্রতিক সময়ে স্পেনের টি-টোয়েন্টি পারফরম্যান্সও বেশ ধারাবাহিক। ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত খেলা ৫০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টির মধ্যে ৪১টিতেই জয় পেয়েছে দলটি।

ফিনল্যান্ডের বিপক্ষে জয়টি তাই স্পেনের জন্য শুধু আরেকটি ম্যাচ জয় নয়; আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের অবস্থান জানান দেওয়ার বড় উপলক্ষ। একই সঙ্গে এই ধারাবাহিকতা তাদের ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার দৌড়েও এগিয়ে দিয়েছে।