বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঘিরে দুর্নীতির অভিযোগের তালিকা যেন ক্রমেই দীর্ঘ হচ্ছে। সর্বশেষ আসরের অনিয়ম নিয়ে তদন্ত এখনো শেষ করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইন্টিগ্রিটি ইউনিট। বরং সামনে আরো কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আসতে পারে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান অ্যালেক্স মার্শাল।
বিপিএলের ১২তম আসরে অ্যান্টি-করাপশন কোড ভঙ্গের অভিযোগে চলতি মাসের শুরুতে আরো তিনজনের বিরুদ্ধে চার্জ আনার কথা জানায় বিসিবি। এর আগে, আরো পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। তাদের মাঝে একজনকে ‘এক্সক্লুডেড পারসন’ ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে আসা অভিযোগ রয়েছে আটজনের নামে।
শনিবার (১২ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তদন্তের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন অ্যালেক্স মার্শাল। তিনি বলেন, ‘সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমরা প্রকাশ্যে সাতজনের বিরুদ্ধে অভিযোগ এনেছি ও একজনকে এক্সক্লুডেড পারসন ঘোষণা করেছি।’
তবে এই আটজনের মধ্যেই তদন্ত সীমাবদ্ধ থাকছে না। আরো কয়েকটি মামলা তদন্তাধীন রয়েছে জানিয়ে সাবেক আইসিসি অ্যান্টি-করাপশন প্রধান বলেন, ‘আরো কিছু মামলা তদন্তাধীন আছে। অদূর ভবিষ্যতে আপনারা আরো চার্জ দেখতে পারেন।’
ইতোমধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাদের কেউ কেউ অভিযোগ মেনে নিয়েছেন। তারা সমঝোতার ভিত্তিতে শাস্তি নির্ধারণের আবেদন করেছেন। অন্যদিকে, কেউ কেউ এখনো অভিযোগের জবাব দেননি।
মার্শাল জানান, সর্বশেষ তিনজনের বিরুদ্ধে গত ১ সেপ্টেম্বর অভিযোগ আনা হয়েছে। তাদের জবাব দেয়ার জন্য আর দুই-তিন দিন সময় রয়েছে। তারা চাইলে অ্যান্টি-করাপশন ট্রাইব্যুনালে গিয়ে নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকারও করতে পারবেন।
অর্থাৎ, বিপিএলের দুর্নীতি তদন্তে এখনো শেষ অধ্যায় লেখা হয়নি। তদন্ত এগোলে অভিযোগের তালিকায় আরো নাম যুক্ত হওয়ার সম্ভাবনাই সামনে রাখছে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট।



