অভিষেকেই তিন অঙ্কের দেখা পেয়েছেন আজান আওয়াইস। গড়েন অনন্য এক কীর্তি। এমন সময় বহুল কাঙ্ক্ষিত উইকেটটা তুলে নিয়েছেন তাসকিন আহমেদ। আজানকে ফিরিয়ে পেয়েছেন প্রথম সাফল্য। ভেঙেছে ১০৪ রানের জুটি।
১৩৩ বলে ৮৫ রান নিয়ে রোববার তৃতীয় দিনের খেলা শুরু করেছিলেন আজান। নতুন দিনে ২০ বল খেলেই পৌঁছান স্বপ্ন চূড়ায়।পাকিস্তানের ১৪তম ক্রিকেটার হিসেবে গড়েন টেস্ট অভিষেকে সেঞ্চুরি।
তবে এরপর আর ইনিংস বড় হলো না। তাসকিনের বলে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই সেঞ্চুরিয়ান। আউট হন ১৬৫ বলে ১৪ চারে ১০৩ রান করে।
অন্যদিকে অবশ্য দারুণ ব্যাট করছেন আব্দুল্লাহ ফজল। ১০৩ বলে ফিফটি তুলে নিয়েছেন তিনি। সাথে আছেন শান মাসুদ (৫)। পাকিস্তানের সংগ্রহ ৫৭ ওভারে ২ উইকেটে ২২০।
বাংলাদেশের সংগ্রহ পেরিয়ে যেতে এখনো ১৯৩ রান চাই পাকিস্তানের। হাতে আছে ৮ উইকেট।
উল্লেখ্য, দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মিরপুরে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টসে হেরে আগে ব্যাট করে ৪১৩ রান করে টাইগাররা। নাজমুল হোসেন শান্ত করেন সেঞ্চুরি (১০১)। ৯১ করেন মমিনুল হক।



