আইপিএলে রেকর্ড গড়লেন জোফরা আর্চার। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের পেসার। গত ২৭ মে রাজস্থান রয়্যালস-সানরাইজার্স হায়দরাবাদ এলিমিনেটর ম্যাচে রেকর্ড গড়েছেন আর্চার।
শুক্রবার ভারতীয় একটি সংবাদমাধ্যম জানায়, নিউ চন্ডিগড়ের মাঠে হায়দরাবাদের বিরুদ্ধে রাজস্থানের জয়ে অন্যতম নায়ক ছিলেন আর্চার। এই ম্যাচেই ইতিহাস তৈরি করেছেন তিনি।
আইপিএলের প্লে-অফ পর্বের একটি ম্যাচে প্রথম ক্রিকেটার হিসেবে ৩টি উইকেট এবং ৩টি ক্যাচ নিয়েছেন তিনি। এর আগে পাঁচজন ক্রিকেটার আইপিএলের একটি ম্যাচে ৩টি উইকেট এবং ২টি ক্যাচ নিয়েছেন। তাদের টপকে শীর্ষে উঠে এসেছেন আর্চার।
আগের পাঁচজন হলেন হরভজন সিং, ডোয়েন ব্র্যাভো, রশিদ খান, মোহিত শর্মা এবং উমেশ যাদব।
হরভজন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ২০১৩ সালে দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থানের বিরুদ্ধে ৩টি উইকেট এবং ২টি ক্যাচ নেন।
একই বছরে চেন্নাই সুপার কিংসের হয়ে মুম্বাইয়ের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ারে এই কীর্তি গড়েছিলেন ব্র্যাভো।
২০১৮ সালের আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৩টি উইকেট এবং ২টি ক্যাচ নেন গুজরাট টাইটান্সের রশিদ।
২০২৩ সালের ফাইনালে চেন্নাইয়ের বিরুদ্ধে একই কীর্তি গড়েন গুজরাটের মোহিত। ২০১৪ সালের প্রথম কোয়ালিফায়ারে কেকেআরের হয়ে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৩টি উইকেট এবং ২টি ক্যাচ নেন উমেশ। ২৭ জুনের ম্যাচে এই পাঁচ ক্রিকেটারকে একসাথে টপকে নতুন রেকর্ড গড়েছেন আর্চার।
সব মিলিয়ে আইপিএলে তৃতীয় ক্রিকেটার হিসেবে একই ম্যাচে অন্তত ৩টি উইকেট এবং ৩টি ক্যাচ নিয়েছেন আর্চার। তবে এ ক্ষেত্রে এগিয়ে রয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। তিনি ২০১৯ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে হায়দরাবাদের বিরুদ্ধে ৪টি উইকেট এবং ৩টি ক্যাচ নেন। ২০১৩ সালে ব্র্যাভো চেন্নাইয়ের হয়ে পাঞ্জাবের বিরুদ্ধে ৩টি উইকেট এবং ৩টি ক্যাচ নিয়েছিলেন।
চলতি মৌসুমে ভালো ফর্মে রয়েছেন আর্চার। রাজস্থানের বোলার বেগনি টুপির দৌড়েও রয়েছেন। এখন পর্যন্ত ১৫টি ম্যাচ খেলে ২৪টি উইকেট নিয়েছেন। তার আগে রয়েছেন রাবাদা এবং ভুবনেশ্বর কুমার। তারা ১৫টি ম্যাচে ২৬টি করে উইকেট নিয়েছেন।



