টানা দুই হারে বিশ্বকাপের শুরুটা হয়েছিল যুক্তরাষ্ট্রের। তবে তৃতীয় ম্যাচে এসে দলটা পেল প্রথম জয়ের দেখা। নামে-ভারে এগিয়ে থাকা নেদারল্যান্ডসকে উড়িয়ে দিয়েছে তারা।
শুক্রবার চেন্নাইয়ে ৯৩ রানের বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র। আগে ব্যাট করে ৬ উইকেটে ১৯৬ রান করে যুক্তরাষ্ট্র। যা তাড়া করতে নেমে ১৫.৫ ওভারে ১০৩ রানে গুটিয়ে যায় ডাচরা।
টি-টোয়েন্টি ক্রিকেটে নেদারল্যান্ডসের বিপক্ষে যা যুক্তরাষ্ট্রের প্রথম জয়। রানের হিসাবে এটা আবার বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যবধানে জয়।
আবার বিশ্বকাপে সহযোগী দলগুলোর মাঝে রানের হিসাবে এটাই সবচেয়ে বড় জয়ের রেকর্ড। আগে রেকর্ডটি ছিল নেপালের, ২০১৪ সালে হংকংয়ের সাথে ৮০ রানে জেতে তারা।
যুক্তরাষ্ট্রের জয়ের মঞ্চ তৈরি করে গেছিলেন ব্যাটাররা। সাইতেজা মুক্কামালার ৫১ বলে ৭৯ রানের পাশাপাশি শুভম রঞ্জনে ২৪ বলে ৪৮ বড় সংগ্রহ এনে দেয় দলকে।
এছাড়া মোনাঙ্ক প্যাটেল ২২ বলে ৩৬ ও শায়ান জাহাঙ্গীর ১৪ বলে ২০ রান করেন। বল হাতে ডাচদের হয়ে ৩ উইকেট নেন বাস ডি লিডে।
এরপর বল হাতে আলো ছড়ান হারমিত সিং ও শ্যাডলে ফন শলকিক। এই দু’জনের চ্যালেঞ্জ সামনে নেদারল্যান্ডসের কেউ ২৩ রানের বেশি করতে পারেননি।
বাস ডি লিডি ২৩, স্কট এডওয়ার্ডস ২০, ম্যাক্স ও’দাউদ ১৩ ও ফন ডার মারউই ১০ রান করেন। বাকি সবার রানই সিঙ্গেল ডিজিটের। হারমিত ২১ রানে নেন ৪ উইকেট।
এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ উইকেট শিকারি শ্যাডলে নেন ৩ উইকেট। সব মিলিয়ে ৩ ম্যাচে এই পেসার নিয়েছেন ১১ উইকেট। ৭ উইকেট নিয়ে দুইয়ে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি।



