পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গত মৌসুমে লাহোর কালান্দার্সের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন রিশাদ হোসেন। সাত ম্যাচে ১৩ উইকেট নিয়ে দলের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি স্পিনার ছিলেন তিনি।
তবে আসন্ন মৌসুমের আগে রিশাদকে ছেড়ে দিয়েছে লাহোর কালান্দার্স। চারজনের রিটেইন তালিকায় নেই তার নাম। ফলে আগামী আসর খেলতে হলে নিলামের মধ্য দিয়ে দল পেতে হবে রিশাদকে।
পিএসএলের ইতিহাসে এবারই প্রথমবারের মতো ড্রাফটের পরিবর্তে নিলামের মাধ্যমে খেলোয়াড় দলে নেয়া হবে। নিলাম অনুষ্ঠিত হবে ১১ ফেব্রুয়ারি। আর খেলা মাঠে গড়াবে ২৬ মার্চ।
এবারের পিএসএলে নতুন করে যুক্ত হচ্ছে দু’টি দল- হায়দ্রাবাদ ও শিয়ালকোট স্ট্যালিয়নজ। ফলে ছয় দল থেকে বেড়ে আট দলে রূপ নিচ্ছে লিগটি।
এমতাবস্থায় নিলামের আগে দলগুলোকে সর্বোচ্চ চারজন খেলোয়াড় রিটেইন করার সুযোগ দিয়েছে পিসিবি। আর নতুন দলগুলোকে দিয়েছে সরাসরি চুক্তিতে চারজন খেলোয়াড় দলে নেয়ার সুযোগ।
এ নিয়ম অনুযায়ী লাহোর কালান্দার্স শাহিন শাহ আফ্রিদি, আবদুল্লাহ শফিক, সিকান্দার রাজা ও মোহাম্মদ নাঈমকে ধরে রেখেছে। আর ছেড়ে দিয়েছে রিশাদসহ ফখর জামান, ডেরিয়েল মিচেল, হারিস রউফদের।



