জাতীয় দলের ভবিষ্যৎ ক্রিকেটারদের প্রস্তুত করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বয়সভিত্তিক তিন দল—অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩-কে নিয়ে আয়োজন করা হচ্ছে নতুন ওয়ানডে টুর্নামেন্ট।
আগামী ২৮ আগস্ট মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ৫০ ওভারের এই প্রতিযোগিতা। একই মঞ্চে তিন বয়সভিত্তিক দলের ক্রিকেটারদের খেলার সুযোগ করে দেয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
এতে বয়সভিত্তিক পর্যায়ের ক্রিকেটাররা নিজেদের সামর্থ্য দেখানোর পাশাপাশি তুলনামূলকভাবে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলার অভিজ্ঞতাও অর্জনের সুযোগ পাবেন।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এরপর একদিনের বিরতি দিয়ে মাঠে নামবে অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দল।
প্রথম পর্বে প্রতিটি দল অন্য দুই দলের বিপক্ষে দু’টি করে ম্যাচ খেলবে। অর্থাৎ ডাবল রাউন্ড রবিন লিগে প্রতিটি দলের সামনে থাকছে চারটি করে ম্যাচ। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।
আগামী ৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে ফাইনাল। ফাইনালসহ প্রতিযোগিতার প্রতিটি ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টার দিকে। মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ।
জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে বিসিবির এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। যা ভবিষ্যতে জাতীয় দলের জন্য প্রতিভা খুঁজে বের করতে সহায়তা করবে।



