দর্শক ফিরছে পিএসএলের ফাইনালে

পিসিবি বস নাকভি বলেন, ‘ফাইনাল ম্যাচে মাঠে দর্শক প্রবেশের অনুমতির জন্য প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে অনুরোধ করেছিলাম। অনুরোধে সাড়া দিয়ে ফাইনালে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী।’

নয়া দিগন্ত অনলাইন
পিএসএলের অধিনায়কেরা
পিএসএলের অধিনায়কেরা |সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের ফাইনাল দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। ফাইনাল খেলা উপভোগের জন্য দর্শকদের মাঠে প্রবেশের অনুমতি দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

এমনটাই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি।

আগামী ৩ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিএসএলের ফাইনাল অনুষ্ঠিত হবে।

মধ্যপ্রাচ্যে সামরিক সঙ্ঘাতের কারণে বিশ্ব জুড়ে জ্বালানি সঙ্কট চলছে। এ অবস্থায় চলমান পিএসএলের ম্যাচগুলো দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজন করছে পিসিবি। তবে ফাইনাল ম্যাচে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার।

পিসিবি বস নাকভি বলেন, ‘ফাইনাল ম্যাচে মাঠে দর্শক প্রবেশের অনুমতির জন্য প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে অনুরোধ করেছিলাম। অনুরোধে সাড়া দিয়ে ফাইনালে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী।’

ফাইনাল ম্যাচের জন্য টিকিট বিক্রির বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি পিসিবি।