হাসান মাহমুদের নৈপুণ্যে অবিশ্বাস্য জয় পেল পূর্বাঞ্চল

আসরের প্রথম দুই ম্যাচেই হেরেছিল পূর্বাঞ্চল। উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের কাছে হারের পর তৃতীয় রাউন্ডের ম্যাচে এসে প্রথম জয়ের স্বাদ পেল ইয়াসির আলীর দল।

নয়া দিগন্ত অনলাইন
দলকে জয়ের পথে নিয়ে যান হাসান মাহমুদ
দলকে জয়ের পথে নিয়ে যান হাসান মাহমুদ |ইন্টারনেট

অবিশ্বাস্য এক জয়ের দেখা পেল পূর্বাঞ্চল। প্রায় হারতে হারতে রক্ষা পেয়েছে দলটা। বিসিএল ওয়ানডেতে আজ শনিবার দক্ষিণাঞ্চলকে মাত্র ১ উইকেটে হারিয়েছে তারা।

আসরের প্রথম দুই ম্যাচেই হেরেছিল পূর্বাঞ্চল। উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের কাছে হারের পর তৃতীয় রাউন্ডের ম্যাচে এসে প্রথম জয়ের স্বাদ পেল ইয়াসির আলীর দল।

যদিও একটা সময় মনে হচ্ছিল হেরেই যাবে পূর্বাঞ্চল, ১৮১ রান তাড়া করতে নেমে ১৪১ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে তারা। সেখান থেকে হাসান মাহমুদ ও মুশফিক হাসান মিলে উদ্ধার করেন দলকে।

বগুড়ায় আগে ব্যাট করতে নেমে ৪৩.২ ওভারে ১৮০ রানে অলআউট হয় দক্ষিণাঞ্চল। দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ বলে ৫০ রান আসে ওপেনার আনিসুল ইসলাম ইমনের ব্যাট থেকে।

এছাড়া আফিফ হোসেন ২৪, রবিউল হক ৩১ ও শহিদুল ইসলাম ২৮ রান করেন। দেড় শ’ রানে ৯ উইকেট হারালেও তাতে পুঁজি দাঁড়ায় ১৮০ রান। ৩টি করে উইকেট নেন হাসান মাহমুদ ও নাইম হাসান।

জবাব দিতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পূর্বাঞ্চলও। শাহাদাত হোসেন দিপুর ৪২ ও মুমিনুল হকের ২৯ রানের ইনিংসের পরও খেই হারিয়ে ফেলে দলীয় ১৪১ রানে হারিয়ে ফেলে ৯ উইকেট।

যার ৪টি উইকেটই শিকার করেন সৌম্য সরকার। মাঝে ইয়াসির আলী ৬ ও জাকের আলীর ৫ রান করে আউট হন। এছাড়া নাসুম আহমেদের ব্যাটে আসে ২৭ বলে ২০ রান।

এরপর অবিশ্বাস্য প্রতিরোধ গড়ে তোলেন ১০ নম্বরে নামা হাসান মাহমুদ ও ১১ নম্বরে নামা মুশফিক হাসান। মুশফিক এক প্রান্ত ধরে বসে থাকলেও অন্য দিক থেকে দলকে জয়ের পথে নিয়ে যান হাসান।

শেষ পর্যন্ত হাসান ৪৫ বলে ৩৫ ও মুশফিক ৩৫ বলে ৪ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন জয় নিয়ে।