অঘোষিত ফাইনালে বুধবার মুখোমুখি হবে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা

প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারায় দক্ষিণ আফ্রিকা। তবে দ্বিতীয় ম্যাচে ৬৮ রানে জয় পায় নিউজিল্যান্ড। তৃতীয় ম্যাচে ৮ উইকেটে জিতে লিড নেয় নিউজিল্যান্ড। তবে চতুর্থ ম্যাচ ১৯ রানে জিতে সিরিজে সমতা ফেরায় দক্ষিণ আফ্রিকা।

নয়া দিগন্ত অনলাইন
দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড
দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চার ম্যাচ শেষে সমান ২-২ জয়ে সমতা বিরাজ করছে। ফলে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি সিরিজ নির্ধারণী ম্যাচ হওয়ায় তা অঘোষিত ফাইনাল হিসেবে বিবেচ্য হচ্ছে।

আগামীকাল বুধবার (২৫ মার্চ) ক্রাইস্টচার্চে বাংলাদেশ সময় দুপুর সোয়া ১২টায় সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে শেষ টি-টোয়েন্টি খেলতে মাঠে নামবে দু’ দল।

এর আগে, প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারায় দক্ষিণ আফ্রিকা। তবে দ্বিতীয় ম্যাচে ৬৮ রানে জয় পায় নিউজিল্যান্ড। তৃতীয় ম্যাচে ৮ উইকেটে জিতে লিড নেয় নিউজিল্যান্ড। তবে চতুর্থ ম্যাচ ১৯ রানে জিতে সিরিজে সমতা ফেরায় দক্ষিণ আফ্রিকা।

নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক জিমি নিশাম বলেন, ‘আমাদের মূল লক্ষ্য সিরিজ জয়। শেষ ম্যাচ জিতে আমরা সিরিজ জিততে চাই। তিন বিভাগে (ব্যাটিং, বোলিং, ফিল্ডিং) ভালো খেলতে পারলে সিরিজ জয় সম্ভব।’

সিরিজের প্রথম তিন ম্যাচে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেন নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার। রোটেশন পদ্ধতির কারণে শেষ দুই ম্যাচের জন্য নেতৃত্ব তুলে দেয়া হয় টম লাথামের হাতে। তবে ব্যাটিং অনুশীলনে বৃদ্ধাঙ্গুলিতে চোট পাওয়ার কারণে চতুর্থ ম্যাচে খেলতে পারেননি লাথাম। ফলে ওই ম্যাচে দলকে নেতৃত্ব দেন জিমি নিশাম।

এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কেশব মহারাজ। তিনি বলেন, ‘সিরিজে পিছিয়ে পড়েও আমরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছি। সিরিজ জিততে হলে শেষ ম্যাচে তিন বিভাগেই পারফরমেন্স করতে হবে। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২৪ বার মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এরমধ্যে প্রোটিয়ারা ১৪টিতে ও কিউইরা ১০টিতে জিতেছে।

দক্ষিণ আফ্রিকার স্কোয়াড : কেশব মহারাজ (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, উইয়ান মুল্ডার, জেরাল্ড কোয়েৎজি, টনি ডি জর্জি, কনর এস্তেহুইজেন, ডিয়ান ফরেস্টার, জর্ডান হার্মান, রুবিন হার্মান, জিওর্জি লিন্ডে, এনকোবানি মোকোয়েনা, আন্ডিলে সিমেলেন, লুথো সিপামলা, প্রেনেলান সুব্রায়েন ও জেসন স্মিথ।

নিউজিল্যান্ডের স্কোয়াড : জিমি নিশাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, জস ক্লার্কসন, ডেভন কনওয়ে, লোকি ফার্গুসন, জ্যাক ফৌকস, বেভন জ্যাকবস, কাইল জেমিসন, নিকি বেলি, কোল ম্যাককোঞ্চি, টিম রবিনসন, বেন সিয়ার্স, ন্যাথান স্মিথ ও ইশ সোদি।

সূত্র : বাসস