টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা রেটিং তানজিদের

তিন ম্যাচে ১৪০ রান করে সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হন তানজিদ। র‌্যাঙ্কিংয়ে ৬৪৯ রেটিং নিয়ে সাত ধাপ এগিয়ে ২০তম স্থানে উঠেছেন তানজিদ। বাংলাদেশ ব্যাটারদের মধ্যে র‌্যাঙ্কিংয়ে সবার উপরে আছেন তানজিদই।

নয়া দিগন্ত অনলাইন
তানজিদ হাসান
তানজিদ হাসান |সংগৃহীত

টি-টোয়েন্টি ক্রিকেটে ক্যারিয়ার সেরা রেটিং পেয়েছেন বাংলাদেশের বাঁ-হাতি ওপেনার তানজিদ হাসান। ব্যাটারদের তালিকায় আরো উন্নতি হয়েছে বাংলাদেশের আরেক ওপেনার সাইফ হাসানের।

সাপ্তাহিক হালনাগাদে বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের দুই স্পিনার মাহেদি হাসান-রিশাদ হোসেন এবং পেসার তাসকিন আহমেদের।

সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে হাফ-সেঞ্চুরির ইনিংস খেলেন তানজিদ। দ্বিতীয় ম্যাচে ৫৮ রানের পর তৃতীয়টিতে অনবদ্য ৬৬ রানে বাংলাদেশকে সিরিজ জয়ের স্বাদ দেন তিনি। একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে টাইগাররা।

তিন ম্যাচে ১৪০ রান করে সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হন তানজিদ। র‌্যাঙ্কিংয়ে ৬৪৯ রেটিং নিয়ে সাত ধাপ এগিয়ে ২০তম স্থানে উঠেছেন তানজিদ। বাংলাদেশ ব্যাটারদের মধ্যে র‌্যাঙ্কিংয়ে সবার উপরে আছেন তানজিদই।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ১২ রানে ফিরলেও, দ্বিতীয়টিতে ৫৫ রানের ইনিংস খেলেন সাইফ। শেষ ম্যাচে ৪ রানে আউট হন তিনি। তারপরও ৯ ধাপ উন্নতিতে ২৭তম স্থানে জায়গা পেয়েছেন সাইফ।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচে ৪ উইকেট নেন স্পিনার মাহেদি। বোলারদের র‌্যাঙ্কিংয়ে চার ধাপ উন্নতি হয়েছে তার। ৬৩২ রেটিং নিয়ে ১৯তম স্থানে উঠেছেন এই অফ স্পিনার।

সিরিজের শেষ দুই ম্যাচে ৫ উইকেট নিয়ে আট ধাপ উন্নতি হয়েছে লেগ স্পিনার রিশাদের। ৬১৯ রেটিং নিয়ে ২৬তম স্থানে আছেন তিনি।

জিম্বাবুয়ে সিরিজে তিন ম্যাচে কোন উইকেটই নিতে পারেননি তাসকিন। তারপরও র‌্যাঙ্কিংয়ে অন্যদের অবনতিতে নয় ধাপ উন্নতি হয়েছে তার। ৫০৬ রেটিং নিয়ে ৬৯তম স্থানে আছেন তাসকিন।

টি-টোয়েন্টিতে ব্যাটার তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন ভারতের উইকেটরক্ষক ইশান কিশান। বোলারদের তালিকায় আফগানিস্তানের রশিদ খান এবং অলরাউন্ডারদের তালিকায় জিম্বাবুয়ের সিকান্দার রাজা যথারীতি শীর্ষে আছেন। বাসস