চলমান জিম্বাবুয়ে সফরে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত হওয়ায় আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করল বিশ্ব চ্যাম্পিয়ন ভারত।
হারারেতে সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে- ৭ উইকেটে ও ৯০ রানে জিতেছিল ভারত। ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত হয় টিম ইন্ডিয়ার। এতে ইংল্যান্ডকে হটিয়ে আবারো টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষে উঠে ভারত।
বর্তমানে সমান ২৬৮ রেটিং আছে ভারত ও ইংল্যান্ডের। কিন্তু ভগ্নাংশের হিসেবে এগিয়ে র্যাংকিং তালিকায় শীর্ষে শ্রেয়াস আইয়ারের দল।
জিম্বাবুয়ে সফরের আগে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর করে ভারত। আয়ারল্যান্ডের কাছে দুই ও ইংল্যান্ডের কাছে চার ম্যাচ হেরে দীর্ঘ ১,৬০৫ দিন ধরে টি-টোয়েন্টি ফরম্যাটের শীর্ষ স্থান হারায় টিম ইন্ডিয়া। ১৫ দিন পর আবারো সিংহাসন দখল করল ভারত।
র্যাংকিংয়ের তৃতীয় থেকে সপ্তম স্থানে আছে যথাক্রমে- অস্ট্রেলিয়া (২৬০ রেটিং), নিউজিল্যান্ড (২৪৭ রেটিং), দক্ষিণ আফ্রিকা (২৪৪ রেটিং), পাকিস্তান (২৪০ রেটিং) ও ওয়েস্ট ইন্ডিজ (২৩৪ রেটিং)।
২২৪ রেটিং নিয়ে তালিকার অষ্টম স্থানে আছে বাংলাদেশ।
নবম ও দশম স্থানে আছে শ্রীলঙ্কা (২২১ রেটিং) ও আফগানিস্তান (২২০ রেটিং)।
ভারতের বিপক্ষে সিরিজ জয়ে জিম্বাবুয়েকে সরিয়ে ১১তম স্থানে উঠে এসেছে আয়ারল্যান্ড। তাদের রেটিং ২০৫। ২০২ রেটিং নিয়ে ১২তম স্থানে আছে জিম্বাবুয়ে।
সূত্র : বাসস



