জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না লিটন দাস

টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষ করেই এলপিএলে খেলতে জিম্বাবুয়ে ছাড়বেন লিটন।

নয়া দিগন্ত অনলাইন
তাসকিন আহমেদ (বাঁয়ে) ও লিটন দাস
তাসকিন আহমেদ (বাঁয়ে) ও লিটন দাস |সংগৃহীত

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেয়ার কথা ছিল লিটন দাসের। তবে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) অংশ নেয়ার কারণে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাকে পাওয়া যাবে না।

বিষয়টি ক্রিকবাজকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফিস।

তিনি জানান, টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষ করেই এলপিএলে খেলতে জিম্বাবুয়ে ছাড়বেন লিটন।

এর আগে, পেশির চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামতে পারেননি এই উইকেটকিপার-ব্যাটার। তবে জিম্বাবুয়ে সফরের আগে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলেই আশা করা হচ্ছে।

আগামী ২৮ জুন একমাত্র টেস্ট ম্যাচ দিয়ে মাঠে ফেরার কথা লিটনের। এরপর ৬, ৯ ও ১১ জুলাই অনুষ্ঠিত তিনটি ওয়ানডে ম্যাচেও খেলবেন তিনি। তবে ১৭ জুলাই শুরু হতে যাওয়া এলপিএলে গল গ্যালান্টসের হয়ে খেলতে যাওয়ায় ১৫, ১৭ ও ১৯ জুলাই অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজে তার অংশ নেয়া হচ্ছে না।

লিটনের পাশাপাশি পেসার তাসকিন আহমেদও টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না। এলপিএলে জাফনা কিংসের হয়ে খেলবেন তিনি।

এ প্রসঙ্গে শাহরিয়ার নাফিস বলেন, ‘তারা জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দলের অংশ নয়। তাদেরকে এলপিএলে অংশ নেয়ার জন্য এনওসি দেয়া হয়েছে।’

শুধু লিটন ও তাসকিনই নন, এলপিএলে অংশ নেয়ার জন্য বিসিবি এনওসি দিয়েছে মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান ও হাসান মাহমুদকেও।

এলপিএলে জাফনা কিংসের হয়ে একসাথে খেলবেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। অন্যদিকে মেহেদী হাসান মিরাজ খেলবেন গল গ্যালান্টসের হয়ে, আর হাসান মাহমুদ প্রতিনিধিত্ব করবেন কলম্বো ক্যাপসকে।

ফলে জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলকে লিটন দাস ও তাসকিন আহমেদের মতো দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামতে হবে।