বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্ব নিয়ে চলছে আলোচনা। মেহেদী হাসান মিরাজের জায়গায় আবারো অধিনায়কের দায়িত্ব পেয়েছেন লিটন দাস। নতুন ওয়ানডে অধিনায়কের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বৃহস্পতিবার (৩০ জুলাই) অস্ট্রেলিয়া সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শান্ত জানান, নেতৃত্বের এই পরিবর্তন সম্পর্কে আগেই তাকে অবগত করা হয়েছিল। তাই সিদ্ধান্তটি তার কাছে অপ্রত্যাশিত ছিল না।
তিনি বলেন, ‘তামিম ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। বিষয়টা পরিষ্কার ছিল। লিটনকে অভিনন্দন। সে টি-টোয়েন্টি দলকে যেভাবে ভালো জায়গায় নিয়ে এসেছে, আমার বিশ্বাস ওয়ানডে দলকেও ভালো জায়গায় নিয়ে যাবে। ম্যানেজমেন্ট দলের জন্য যেটা ভালো মনে করেছে, সেই সিদ্ধান্তই নিয়েছে।’
অস্ট্রেলিয়া সফরের আগে টেস্ট দল নিয়েও আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশের অধিনায়ক। তার মতে, গত কয়েক বছরে টেস্ট ক্রিকেটে যে অগ্রগতি হয়েছে, সেটির ধারাবাহিকতা ধরে রাখাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
শান্ত বলেন, ‘আমরা গত কিছু বছর ধরে যেভাবে টেস্ট ক্রিকেট খেলছি, চেষ্টা থাকবে সেই ধারাটা ধরে রাখার। অবশ্যই কন্ডিশন ভিন্ন হবে, তাই যত দ্রুত সম্ভব মানিয়ে নিতে হবে। এ ছাড়া আলাদা কোনো পরিকল্পনা নেই।’
তিনি আরো বলেন, ‘টেস্ট দলটা এখন একটি ভালো অবস্থানে আছে। এই জায়গা থেকে যেন নিচের দিকে না যাই এবং সামনে কিভাবে আরো উন্নতি করা যায়, সেটাই আমাদের মূল লক্ষ্য।’



