সুপার এইটের প্রথম ম্যাচ ভেস্তে গেছে বৃষ্টিতে। তাই সেমিফাইনালে যেতে পাকিস্তানের জন্য আজকের ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ। আজ সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবেন সালমন আলি আগারা। প্রতিপক্ষ ইংল্যান্ড।
এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের যা পরিস্থিতি, তাতে বেশ চাপে রয়েছে পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে জিততে না পারলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের।
বৃষ্টিতে ভেসে যাওয়ায় প্রথম ম্যাচ থেকে এক পয়েন্ট পেয়েছে পাকিস্তান। পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে তারা।
অন্যদিকে, নিজেদের সুপার এইটের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে ইংল্যান্ড। এই জয়ের ফলে তারা আত্মবিশ্বাসের তুঙ্গে। নেট রানরেটেও অনেকখানি এগিয়ে রয়েছেন হ্যারি ব্রুকরা।
এমন পরিস্থিতিতে মঙ্গলবার ম্যাচ জেতাটা পাকিস্তানের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু পাল্লেকেলেতে কি আদৌ খেলা সম্ভব হবে? শনিবারের মতো বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাবে না তো?
পাকিস্তান শিবিরে আশা জোগাবে এদিনের আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়া অফিস সূত্রের খবর, মঙ্গলবার পাল্লেকেলেতে বৃষ্টির সম্ভাবনা মাত্র ২ শতাংশ। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি, সর্বনিম্ন ২৫ ডিগ্রি। অর্থাৎ মনোরম আবহাওয়া থাকবে ম্যাচের সময়। খেলার সময় বৃষ্টি হলেও তাতে ম্যাচ ভেস্তে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে না বলেই পূর্বাভাস বলছে।
উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিপক্ষে সুপার এইট পর্বের প্রথম ম্যাচ খেলার কথা ছিল পাকিস্তানের। কিন্তু টসের পর থেকেই ঝেঁপে বৃষ্টি নামে। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও খেলা শুরু করা যায়নি।


