প্রথম দুই ওয়ানডে শেষে বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী দলের মধ্যকার তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। তাই তৃতীয় ও শেষ ওয়ানডেটি এখন সিরিজ নির্ধারণী ম্যাচ। এ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই সকালে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডে শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে।
রাজশাহীতে সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারায় বাংলাদেশ নারী দল। এর মাধ্যমে ওয়ানডেতে লঙ্কানদের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পায় টাইগ্রেসরা। আগের চার ম্যাচের মধ্যে ৩টিতেই হারে বাংলাদেশ। অন্য একটি ম্যাচ পরিত্যক্ত হয়।
চলতি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২০৫ রান করে শ্রীলঙ্কা। বল হাতে ৩৬ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার পেসার রিতু মনি।
জবাবে শারমিন আক্তারের ১২৭ বলে ৮৬ রানের সুবাদে ৯ বল বাকি থাকতে জয় পায় বাংলাদেশ। শারমিনের ইনিংসে ১৩টি চার ছিল।
একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে হারে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৪৫ দশমিক ৫ ওভারে ১৬৫ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে ১০১ বলে সর্বোচ্চ ৫৮ রান করেন অধিনায়ক নিগার সুলতানা।
জবাবে ১৬৬ রানের টার্গেট ৭০ বল বাকি রেখেই স্পর্শ করে শ্রীলঙ্কা।
বাঁ-হাতি স্পিনার নাহিদা আক্তারের দুর্দান্ত বোলিংয়েও হার এড়াতে পারেনি বাংলাদেশ। ২১ রানে ৪ উইকেট নেন নাহিদা।



