ইংল্যান্ডের টেস্ট কোচ হওয়ার দৌড়ে রাহুল দ্রাবিড়

ভারতীয় দলের কোচ হিসেবে দ্রাবিড়ের সময়টা ছিল সফল। তার অধীনেই ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেয়।

নয়া দিগন্ত অনলাইন
রাহুল দ্রাবিড়
রাহুল দ্রাবিড় |সংগৃহীত

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। টেস্ট দলের প্রধান কোচের পদ থেকে ব্রেন্ডন ম্যাককালাম সরে যাওয়ার পর থেকেই তার উত্তরসূরি কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।

সম্ভাব্য প্রার্থীদের তালিকায় উঠে এসেছে ভারতের কিংবদন্তি ব্যাটার ও সাবেক প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের নাম। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফের বরাতে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আপাতত পূর্ণকালীন কোচিংয়ে ফিরতে আগ্রহী নন দ্রাবিড়। তবে শুধুমাত্র ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব হলে তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করতে পারেন।

ভারতীয় দলের কোচ হিসেবে দ্রাবিড়ের সময়টা ছিল সফল। তার অধীনেই ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেয়। পাশাপাশি ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কৃতিত্বও আসে তার কোচিং মেয়াদেই।

দ্রাবিড়ের পাশাপাশি আলোচনায় রয়েছেন ইংল্যান্ডের সাবেক সফল কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। ইসিবি এমন একজন কোচ চায়, যিনি আন্তর্জাতিক দায়িত্বের পাশাপাশি আইপিএলেও কাজ চালিয়ে যেতে পারবেন।

সে ক্ষেত্রে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বর্তমান কোচের দায়িত্ব রেখেই ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব নিতে পারেন গ্রান্ড ফ্লাওয়ারও। তার কোচিংয়ে ইংল্যান্ড তিনটি অ্যাশেজ সিরিজ জিতেছিল ও দীর্ঘদিন পর টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও দখল করেছিল।

সম্ভাব্য কোচের সংক্ষিপ্ত তালিকায় আরো রয়েছেন গ্ল্যামরগানের প্রধান কোচ রিচার্ড ডসন, শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারা, ইংল্যান্ড লায়ন্সের কোচ অ্যান্ড্রু ফ্লিনটফ, পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন ও অস্ট্রেলিয়ার সাবেক প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার।

তবে শেষ পর্যন্ত কার হাতে ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব তুলে দেয়া হবে, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

উল্লেখ্য, টেস্ট দলের দায়িত্ব থেকে সরে গেলেও ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের প্রধান কোচ হিসেবে ব্রেন্ডন ম্যাককালামই দায়িত্ব পালন করবেন।