অলিখিত কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে বিশ্বকাপে স্বাগতিকরাই হয়ে যেতে পারে দর্শক। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিশ্বকাপ স্বপ্ন শেষ, সুপার এইট থেকে বিদায় ঘণ্টা বেজে গেছে তাদের। এবার একই পরিণতির শঙ্কায় ভারত।
রোববার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে গড়াবে এই ডু অর ডাই লড়াই। জিতলে যেমন জয়ী দল উঠে যাবে শেষ চারে, তেমনি হারলেই বিদায়।
সুপার এইটের শেষ ম্যাচে ভারতের গলার কাঁটা ওয়েস্ট ইন্ডিজ। শিরোপা স্বপ্ন বাঁচিয়ে রাখতে, আজ জিততেই হবে ম্যান ইন ব্লুদের। কথাটা ঘুরিয়ে বলা যেতে পারে— শেষ চার ও ক্যারিবীয়দের মাঝে বাধা ভারত।
দুই দলের জন্যই ম্যাচটা পরিণত হয়েছে অলিখিত কোয়ার্টার ফাইনালে। এই ম্যাচ থেকেই নির্ধারিত হবে গ্রুপ-১ থেকে দক্ষিণ আফ্রিকার পর কারা দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে নাম লেখাবে।
সুপার এইটে ওঠার আগে গ্রুপ ‘এ’ তে দুর্দান্ত ছন্দে ছিল ভারত। চার ম্যাচের সবকটিতেই জয় তুলে নেয় তারা। কিন্তু সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বড় ধাক্কা খেয়েছে দলটি।
যদিও সেই ধাক্কা সামলে জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারিয়ে আবারো ঘুরে দাঁড়ায় সূর্যকুমার যাদবের দল। একই অবস্থা ওয়েস্ট ইন্ডিজেরও। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে এসে ধরা পড়েছে প্রোটিয়াদের কাছে।
তবে জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয় পাওয়ায় দুই পয়েন্ট ও ১.৭৯১ নেট রান রেট নিয়ে তারা এখনো সেমিফাইনালের দৌঁড়ে এখন টিকে আছে। যেখানে দুই পয়েন্ট ও -০.১০০ নেট রানরেট ভারতের। ফলে সেমিফাইনালে উঠতে হলে আজ দুই দলের কারো সামনে জয়ের বিকল্প নেই। যদিও শেষ পর্যন্ত বিজয়ী হাসি হাসবে যেকোনো এক দলই।
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত দুই দল ৩০ বার মুখোমুখি হয়েছে। যেখানে ১৯ জয় নিয়ে এগিয়ে রয়েছে ভারত। বিপরীতে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১০টি ম্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখিতে অবশ্য ক্যারিবীয়রা এগিয়ে রয়েছে। চারবারের মোকাবেলায় তারা তিনবার ও ভারত জয় পেয়েছে একটি ম্যাচে।
সাম্প্রতিক পরিসংখ্যানে অবশ্য দুই দল প্রায় সমানে সমান। সর্বশেষ পাঁচ মুখোমুখি লড়াইয়ে তিনটিতে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ, দু’টি ভারত। যদিও গত দুই বছরে দেখা হয়নি দুই দলের।


