অস্ট্রেলিয়া সিরিজের সেরা বাংলাদেশী খেলোয়াড় পাবেন গাড়ি

অস্ট্রেলিয়া সিরিজে সেরা বাংলাদেশি খেলোয়াড়কে গাড়ি উপহার দেবে চেরি। বিসিবি–চেরির নতুন চুক্তিকে ক্রিকেটারদের জন্য বড় অনুপ্রেরণা ও বাংলাদেশের ক্রিকেটের ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন তামিম ইকবাল।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

আগামী মাসেই বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া। জুনে স্বাগতিকদের বিপক্ষে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তারা। এই সিরিজ দু’টিকে সামনে রেখে দারুণ এক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের এই সফর কেন্দ্র করে বিসিবি ও জনপ্রিয় অটোমোবাইল ব্র্যান্ড চেরির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তাতে এসেছে বিশেষ এক ঘোষণা।

এই চুক্তি অনুযায়ী চেরি আসন্ন এই সিরিজের অফিসিয়াল অটোমোটিভ পার্টনার হিসেবে আত্মপ্রকাশ করল। মঙ্গলবার (১২ মে) মিরপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে দু’পক্ষের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী, চেরি এই সিরিজে ‘মোস্ট ভ্যালুয়েবল বাংলাদেশী প্লেয়ার অফ দ্য সিরিজ’ (সিরিজের সেরা বাংলাদেশী খেলোয়াড়) পুরস্কারটির স্পন্সর বা অ্যাওয়ার্ড পার্টনার হিসেবে যুক্ত থাকবে।

সিরিজের সেরা পারফর্ম করা বাংলাদেশী খেলোয়াড়কে চেরির পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।

এই প্রসঙ্গে সংবাদ সম্মেলনে বিসিবির এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল বলেন, ‘সামনে যে অস্ট্রেলিয়া সিরিজ হবে, এখানে বেস্ট ভ্যালুয়েবল বাংলাদেশী ক্রিকেটারকে একটা গাড়ি দেবে চেরি।’

তামিম বলেন, ‘আমার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। চেরির মতো ব্র্যান্ড বাংলাদেশ ক্রিকেটের সাথে অ্যাসোসিয়েট হওয়া, বিশেষত গত এক দেড় বছর সম্ভবত শেষ দুই বছরে যে সুনাম নষ্ট হয়েছিল বিসিবির, ওই জায়গা থেকে বের হয়ে এসে চেরির মতো ব্র্যান্ডদের আসা শুরু হয়েছে। গত সিরিজেও দেখেছেন যে কিছু বাইক কোম্পানি, প্লাস এখন দেখছেন যে ই-বাইকের কিছু কোম্পানিগুলো আসছে। বিসিবি জন্য এটা ইতিবাচক দিক।’

তিনি আরো বলেন, ‘এরকম বড় বড় কোম্পানি যতটুক বাংলাদেশ ক্রিকেটের সাথে অ্যাসোসিয়েট হওয়া শুরু হবে, এটা আমাদের ক্রিকেটের জন্য বেটার প্লাস আমাদের ক্রিকেটারদেরও একটা ইনসেন্টিভস দেয়া কোনো সিরিজে ভালো করার জন্য।’

বিসিবির পক্ষ থেকে এই অংশীদারিত্বকে স্বাগত জানানো হয়েছে, যা দেশের ক্রিকেটের উন্নয়নে এবং বিশেষ করে খেলোয়াড়দের উৎসাহ প্রদানে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।