লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আগামী আসরে জাফনা কিংসের হয়ে খেলবেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। সরাসরি চুক্তিতে সাকিব-তাসকিনকে দলে ভিড়িয়েছে চারবারের চ্যাম্পিয়ন জাফনা।
সাকিব-তাসকিনকে দলে নেয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে এলপিএল কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবের ছবি দিয়ে এক পোস্টে এলপিএল জানিয়েছে, ‘জাফনা কিংসে যোগ দিলেন বিশ্ব টি টোয়েন্টির অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এলপিএলকে সামনে রেখে তাকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। দলের যখন স্থিতিশীলতা প্রয়োজন, তখন ব্যাট হাতে রান করেন ও যখন ব্রেক-থ্রুর দরকার হয়, তখন বল হাতে উইকেট নেন সাকিব। চাপের সময় তার অভিজ্ঞতা দলের বড় ভরসা হয়ে ওঠে। টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা অলরাউন্ডারদের একজনকে দলে নিয়ে জাফনা তাদের বিপজ্জনক লাইনআপে আরো শক্তি যোগ করল।’
তাসকিনকে নিয়ে এলপিএল জানিয়েছে, ‘পেস আক্রমণে গতিময় এক পেসরাকে যুক্ত করল জাফনা কিংস। নতুন মৌসুমের জন্য কিংসে যোগ দিলেন তাসকিন।’
এর আগে, একবার এলপিএল খেলেছেন সাকিব। ২০২৩ সালে গল টাইটান্সের হয়ে ৯ ইনিংসে ১১৪.৯৯ স্ট্রাইক রেটে ১৩৮ রান ও বল হাতে ওভারপ্রতি ৫.৭০ রান দিয়ে ১০ উইকেট শিকার করেছিলেন তিনি।
সাকিবের মতো এলপিএলে এক আসর খেলেছেন তাসকিন। ২০২৪ সালে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে ৩ ম্যাচ খেলে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।
সাকিব ও তাসকিন ছাড়াও সরাসরি চুক্তিতে আরো কিছু ক্রিকেটারকে দলে নিয়েছে জাফনা। এরমধ্যে আছেন ভানুকা রাজাপাকসে ও দুনিথ ওয়েলালেগে।
আগামী এলপিএলে পাঁচটি দল অংশ নেবে। জাফনা কিংস ছাড়াও আছে ক্যান্ডি রয়্যালস, কলম্বো ক্যাপস, ডাম্বুলা সিক্সার্স ও গল গ্যালান্টস।
পাঁচ দলের এলপিএল শুরু আগামী ১৭ জুলাই থেকে শুরু হবে। ৮ আগস্ট ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের। বাসস



