পাকিস্তান সিরিজে দলে ফিরছেন আফিফ, থাকছেন না তানজিম সাকিব

পাকিস্তান সিরিজে ওয়ানডে দলে ফিরছেন আফিফ হোসেন, তবে ইনজুরির কারণে থাকছেন না তানজিম সাকিব; তিন ম্যাচ হবে শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

নয়া দিগন্ত অনলাইন
আফিফ হোসেন ও তানজিম সাকিব
আফিফ হোসেন ও তানজিম সাকিব |সংগৃহীত

অবশেষে জাতীয় দলের দরজা খুলছে আফিফ হোসেনের জন্য। আবারো লাল-সবুজের জার্সি গায়ে চাপাতে যাচ্ছেন তিনি। সবকিছু ঠিক থাকলে পাকিস্তান সিরিজেই হতে পারে তার প্রত্যাবর্তন।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে চলতি মাসের ৯ তারিখ ঢাকায় পা রাখবে পাকিস্তান দল। আসন্ন এই সিরিজের জন্য অবশ্য এখনো দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দল ঘোষণা না হলেও বিসিবি সূত্রে জানা গেছে, পাকিস্তান সিরিজের এই দলে জায়গা পেতে যাচ্ছেন আফিফ হোসেন। বিসিএল ওয়ানডেতে ভালো খেলার পুরস্কার পেতে যাচ্ছেন তিনি।

বিসিএলে ব্যাট হাতে একটা সেঞ্চুরি হাঁকান আফিফ। চ্যাম্পিয়ন মধ্যাঞ্চলের বিপক্ষে ৮৬ বলে করেন অপরাজিত ১০০। বাকি দুই ম্যাচে অবশ্য ভালো করতে পারেননি, ৫৯ বলে করেন ২৮ রান।

২০২৪ সালের ডিসেম্বরে সবশেষ ওয়ানডে খেলেছিলেন আফিফ। বছর খানেকের বেশি সময় পর আবারো ওয়ানডে দলে ফিরতে যাচ্ছেন এই অলরাউন্ডার।

তবে ইনজুরির কারণে এই সিরিজের দলে থাকছেন না তানজিম সাকিব। আরেক পেসার হাসান মাহমুদও থাকছেন না। তাদের বদলে নাহিদ রানা ফিরতে পারেন দলে।

উল্লেখ্য, আগামী ১১, ১৩ ও ১৫ মার্চ মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। সবকটি ম্যাচই শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিট থেকে।