বাংলাদেশ ক্রিকেটে সহ-অধিনায়কত্ব কখনোই বড় কোনো প্রসঙ্গ হয়ে ওঠেনি। তবে এবার একইসাথে তিন সহ-অধিনায়কের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বড় পুরস্কার পেয়েছেন সাইফ হাসান।
গত জুনেই তিন সংস্করণের জন্য আলাদা তিন অধিনায়ক বেছে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু কোনো সংস্করণেই ছিল না সহ-অধিনায়ক। তবে আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেই শূন্যস্থান পূরণ করেছে বিসিবি।
লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়কত্ব পেয়েছেন সাইফ হাসান। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটনের ডেপুটি হিসেবে তাকে সহযোগিতা করবেন তিনি।
এদিকে নানা নাটকীয়তার পর আয়ারল্যান্ড সিরিজের আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের আগামী চক্র পর্যন্ত সাদা পোশাকের অধিনায়কত্ব পান নাজমুল হোসেন শান্ত। এবার এই সংস্করণে তার ‘ডেপুটি’ হয়েছেন মেহেদী মিরাজ।
আবার ওয়ানডেতে এসেছে ঠিক এর উল্টো সিদ্ধান্ত। ওয়ানডের নেতৃত্ব দেয়া মেহেদী মিরাজের সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। আগামী জুন পর্যন্ত নেতৃত্বে থাকবেন তারা।



