অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এই জয়ে হাসান মাহমুদ ও তানজিদ হাসান তামিমের অবদান যেমন গুরুত্বপূর্ণ ছিল, তেমনি অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বও নজর কেড়েছে ক্রিকেট বিশ্বের।
ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন বাংলাদেশের এই পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন। বিশেষ করে শান্তর অধিনায়কত্বের প্রশংসা করেছেন তিনি। শান্তর নেতৃত্ব নিয়ে অশ্বিন বলেন, ‘আমি তার অধিনায়কত্বে মুগ্ধ হয়ে গেছি। তিনি বোলারদের যেভাবে ব্যবহার করলেন, নিজের ব্যাট হাতে অবদান রাখলেন এবং আক্রমণাত্মক ভঙ্গিমায় খেললেন—এক কথায় অসাধারণ। নাথান লায়নকে সুবিধা করতেই দেননি। বাংলাদেশের জন্য এই জয় অনেক বড়।’
প্রথম টেস্টে বাংলাদেশের পেস আক্রমণেরও প্রশংসা করেছেন অশ্বিন। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের বোলিংকে তিনি বাংলাদেশের জয়ের অন্যতম ভিত্তি হিসেবে দেখছেন।
অশ্বিন বলেন, ‘এই টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে তাদের ফাস্ট বোলাররা যেভাবে বল করেছেন, তা বাংলাদেশের জন্য জয়ের ভিত তৈরি করে দিয়েছিল। তাসকিন দারুণ জায়গায় বল করেছেন।’
হাসান মাহমুদের বোলিংয়ের প্রশংসা করতে গিয়ে অশ্বিন বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টের কথাও স্মরণ করেন। তিনি বলেন, ‘হাসান ছিলেন অসাধারণ। চেন্নাইয়ে যখন বাংলাদেশ টেস্ট খেলেছিল, হাসান মাহমুদ কিন্তু আমাদের বেশ ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন।’
বাংলাদেশের ব্যাটিংয়েও মুগ্ধ অশ্বিন। বিশেষ করে তানজিদ হাসান তামিমের আধিপত্যপূর্ণ ব্যাটিং, শান্তর ব্যাটিং এবং মেহেদী হাসান মিরাজের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেছেন তিনি।
তানজিদ হাসানের প্রশংসা করে অশ্বিন বলেন, ‘এই টেস্টে বাংলাদেশের ভালো দিক ছিল তাদের ব্যাটিং। তানজিদ তামিম পুরো আধিপত্য বজায় রেখে ব্যাট করেছেন। শান্তর ব্যাটিংও ছিল চমৎকার। আর নিচের দিকে মেহেদীও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সত্যি বলতে তারা অজিদের কোনো সুযোগই দেয়নি।’
অশ্বিনের মতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয় শুধু একটি ম্যাচের জয় নয়; বাংলাদেশের ক্রিকেটের ধারাবাহিক উন্নতিরও প্রতিফলন। শান্তর নেতৃত্বে বাংলাদেশ আগের ম্যাচগুলোতেও গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে। আর অস্ট্রেলিয়ার মাটিতে এমন জয় সেই ধারাবাহিকতারই বড় উদাহরণ।
বাংলাদেশের জয়কে বড় অর্জন হিসেবে উল্লেখ করে অশ্বিন আরো বলেন, ‘বাংলাদেশের জন্য এই জয় অনেক বড় হলেও, নিয়মিত টেস্ট সেন্টারগুলোর জন্য এটি একটি আলোচনার বিষয়। আর তৃতীয় পয়েন্ট হলো, এটি অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য একটি বিপদের সংকেতও হতে পারে।’



