ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। কিন্তু বদলায়নি পুরোনো গল্প। ফিল্ডিংয়ে সুযোগ হাতছাড়া, বোলিংয়ে শেষ দিকে নিয়ন্ত্রণ হারানোর পর ব্যাটারদের ব্যর্থতা—সব মিলিয়ে পেরে উঠেনি টাইগ্রেসরা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভারতের কাছে ৪০ রানে হেরেছে বাংলাদেশ। ১৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেটে ১০৯ রানেই থামে নিগার সুলতানার দল। ফলে সেমিফাইনালেই শেষ হলো নারী এশিয়া কাপে বাংলাদেশের যাত্রা। হলো না শিরোপা পুনরুদ্ধার।
দুবাইয়ে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল বাংলাদেশ। শুরুতেই স্মৃতি মান্ধানাকে ফিরিয়ে আশা জাগিয়েছিল দল। কিন্তু এরপর শেফালি ভার্মাকে বারবার জীবন দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হারাতে থাকে বাংলাদেশ।
তিনবার তার ক্যাচ ফেলেছেন ফিল্ডাররা, একবার রানআউটের সুযোগও কাজে লাগানো যায়নি। সেই সুযোগের পুরোপুরি সদ্ব্যবহার করেন শেফালি। সুযোগ পেয়ে ৪০ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংসে ৭টি চার ও ৩টি ছক্কা হাঁকান ভারতের এই ওপেনার।
তার সাথে প্রাতিকা রাওয়াল করেন ২০ রান। রিচা ঘোষ ১৬ বলে ২১ এবং অধিনায়ক হারমানপ্রিত কৌর ২৮ বলে অপরাজিত ২৪ রান করেন। শেষ ১০ ওভারে ৯০ রান তুলে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৯ রানের সংগ্রহ দাঁড় করায় ভারত।
বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন নেন দুটি উইকেট। মারুফা আক্তার, নাহিদা আক্তার ও রাবেয়া খান পান একটি করে উইকেট।
জবাবে শুরুটা একেবারে খারাপ ছিল না বাংলাদেশের। প্রথম দুই ওভারে আসে ১০ রান, তৃতীয় ওভারের প্রথম বলেও বাউন্ডারি আসে।
তবে ২৬ রানে জুয়াইরিয়া ফেরার পর পথ হারাতে শুরু করে বাংলাদেশ। ১৮ বলে ১৪ রান করে শ্রী চারণির বলে ক্যাচ দেন তিনি। এরপর ৯ রান যোগ হতেই বিদায় নেন আরেক ওপেনার দিলারা আক্তার। ২৬ বলে তার ব্যাট থেকে আসে ২১ রান। এরপর সোবহানা মোস্তারি ও নিগার সুলতানার ব্যাটে কিছুটা আশা জাগে।
দুজন মিলে গড়েন ৩১ রানের জুটি। কিন্তু ২৪ বলে ১৯ রান করে দীপ্তি শর্মার বলে বোল্ড হয়ে ফেরেন সোবহানা। এরপর অধিনায়ক নিগারও বড় কিছু করতে পারেননি। ১৭ বলে ১৯ রান করে ফিরে যান তিনি।
শেষ দিকে স্বর্ণা আক্তার চেষ্টা করলেও ম্যাচে আর ফেরার সুযোগ তৈরি হয়নি। ১৮ বলে অপরাজিত ২২ রান করেন তিনি। শেষ পর্যন্ত ১০৯ রানেই থামে বাংলাদেশের ইনিংস। দীপ্তি শর্মা নেন ৩ উইকেট। ম্যাচসেরার পুরস্কার ওঠে শেফালি ভার্মার হাতে।
ভারতের বিপক্ষে এটি বাংলাদেশের ২৫তম টি-টোয়েন্টি ম্যাচ। জয় এসেছে মাত্র তিনটিতে। আর এ নিয়ে টানা দ্বিতীয় এশিয়া কাপে ভারতের কাছে সেমিফাইনালে হেরে বিদায় নিল বাংলাদেশ। ২০২৪ সালেও ভারতের কাছে হেরে ফাইনালে ওঠা হয়নি নিগারদের।
অথচ ২০১৮ সালে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এরপর আট বছর পেরিয়ে গেলেও আর কোনো আসরের ফাইনালে জায়গা করে নিতে পারেনি দলটি।



