পাকিস্তানি হওয়ায় বিশ্বকাপ থেকে বাদ আমিরাতের ক্রিকেটার!

২৮ বছর বয়সী এই ব্যাটার আমিরাতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১০টি ম্যাচ খেলেছেন। টি-টোয়েন্টিতে তিনি নিয়মিত মুখ। তবে জোহাইবের জন্ম মূলত পাকিস্তানে।

নয়া দিগন্ত অনলাইন
মোহাম্মদ জোহাইব
মোহাম্মদ জোহাইব |সংগৃহীত

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এমনিই বিতর্কের শেষ নেই। আসর শুরুর আগে নানা নাটকীয়তার দেখা মিলেছে। এবার আসরের মাঝপথেও ছড়ালো বিতর্ক, হঠাৎ বাদ দেয়া হয়েছে এক ক্রিকেটারকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটার মোহাম্মদ জোহাইবকে হঠাৎ দেশে পাঠানো হয়েছে। এই সিদ্ধান্ত ঘিরে ক্রিকেট পাড়ায় তৈরি হয়েছে বিতর্ক।

দল থেকে বাদ পড়ার পর জোহাইব অভিযোগ করেছেন, পাকিস্তানি হওয়ার কারণেই নাকি তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। সেই সাথে তার দাবি, ভারতের চাপের কারণেই বাদ গেছেন তিনি।

পুরো ব্যবস্থাপনার সাথে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে দাবি করে বিষয়টির সুষ্ঠু তদন্তের জন্য আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছেন জোহাইব।

অবশ্য জোহাইবের অভিযোগ সরাসরি নাকচ করেছে আমিরাত ক্রিকেট বোর্ড- ইসিবি। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণেই তাকে ভারত থেকে দুবাইয়ে ফেরত পাঠানো হয়েছে।

ইসিবির সংক্ষিপ্ত বিবৃতিতে আরো বলা হয়, ঘটনার বিস্তারিত তথ্য উপযুক্ত সময়ে প্রকাশ করা হবে। আপাতত এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে চায় না বোর্ড।

ইসিবি না জানালেও গণমাধ্যম সূত্রে জানা গেছে- জোহাইবের বিরুদ্ধে মদ্যপান ও নারীঘটিত উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগ উঠেছে। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে যা বড়সড় অপরাধ।

এমতাবস্থায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কায় টিম ম্যানেজমেন্ট দ্রুত পদক্ষেপ নিয়ে তাকে স্কোয়াড থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়।

২৮ বছর বয়সী এই ব্যাটার আমিরাতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১০টি ম্যাচ খেলেছেন। টি-টোয়েন্টিতে তিনি নিয়মিত মুখ। তবে জোহাইবের জন্ম মূলত পাকিস্তানে।