ভারতীয় প্রিমিয়ার লিগের সবচেয়ে দামী খেলোয়াড় রিশাভ পান্ত এবারের মৌসুমে দলের ব্যর্থতায় লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। দলীয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এবারের আসরে টেবিলের তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করেছে লাক্ষ্ণৌ।
ভারতীয় এই টেস্ট তারকা ২০২৫ সালের আইপিএল নিলামে ৩.২১ মিলিয়ন ডলারের বিনিময়ে লাক্ষ্ণৌতে যোগ দিয়েছেন। আর এতেই তিনি টুর্নামেন্টের সবচেয়ে দামী খেলোয়াড়ে পরিনত হয়েছেন।
লাক্ষ্ণৌর ক্রিকেট পরিচালক টম মুডি এক বিবৃতিতে বলেছেন, ‘রিশাভ ফ্র্যাঞ্চাইজির কাছে তার সিদ্ধান্তের কথা জানালে আমরা সেটা গ্রহণ করেছি। এই ধরনের সিদ্ধান্ত নেয়া কখনই সহজ নয়। ড্রেসিংরুমে অধিনায়ক হিসেবে রিশাভের অবদানের জন্য আমরা কৃতজ্ঞ। আমাদের লক্ষ্য এখন সবাই একসাথে মিলে সম্ভাব্য সেরা মানে দলকে উন্নীত করা।’
কেএল রাহুলের পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে লাক্ষ্ণৌ দল থেকে দায়িত্ব ছাড়লেন ২৮ বছর পান্ত। রাহুল ২০২২-২৪ সাল পর্যন্ত লাক্ষ্ণৌকে নেতৃত্ব দিয়েছেন।
এবারের মৌসুমে ১৪ ইনিংসে ১৩৮.০৫ স্ট্রাইক রেটে পান্ত মাত্র ৩১২ রান সংগ্রহ করেছেন। মাত্র চার জয় ও ১০ পরাজয়ে টেবিলের শেষ স্থানটি পায় লাক্ষ্ণৌ।
গত মৌসুমে পান্তের নেতৃত্বে ১০ দলের টুর্নামেন্টে লাক্ষ্ণৌ সপ্তম স্থান লাভ করেছিল।
গত সপ্তাহে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে লাক্ষ্ণৌ পরাজিত হয়।



