বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরেই গুঞ্জন উঠেছিল, শেষ পর্যন্ত হলোও তাই। নতুন টুর্নামেন্ট আয়োজন করছে বিসিবি, এসেছে আনুষ্ঠানিক ঘোষণাও।
দেশের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটারদের নিয়ে ৫ ফেব্রুয়ারি মাঠে গড়াচ্ছে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ-২০২৬। ৯ দিনের এই আসরে ব্যয় হবে প্রায় আড়াই কোটি টাকা।
যেখানে অংশ নেবে তিনটি দল— ধূমকেতু, দুর্বার ও দুরন্ত। ঘোষণা করা হয়েছে দলগুলোর অধিনায়ক ও কোচদের নামও। যেখানে আছেন দেশের সেরা সব মুখ।
ধুমকেতু একাদশের নেতৃত্ব দেবেন লিটন দাস। দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাউদ্দিন, আর সহকারী হিসেবে থাকবেন মোহাম্মদ আশরাফুল। দুর্বার একাদশের অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত। কোচিং প্যানেলে প্রধান কোচ মিজানুর রহমান বাবুল ও সহকারী কোচ তুষার ইমরান।
আর দুরন্ত একাদশের নেতৃত্বে থাকবেন অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলি। এই দলের প্রধান কোচ হান্নান সরকার, সহকারী কোচ রাজিন সালেহ।
প্রতিযোগিতায় খেলোয়াড়দের পারিশ্রমিক ও পুরস্কার মিলিয়ে সর্বমোট খরচ দুই কোটি ৫০ লাখ টাকা। আসরের সব ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরে। ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের ম্যাচগুলো, আর ৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে টুর্নামেন্টের ফাইনাল।
এই টুর্নামেন্টে প্রথমবারের মতো চালু করা হচ্ছে আইপিএলের আদলে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম। যা ম্যাচের কৌশল ও পরিকল্পনায় যোগ করবে ভিন্ন মাত্রা।
দর্শকদের বিনোদনের কথা মাথায় রেখে প্রতিদিন ম্যাচের আগে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল ৪টা থেকে শুরু হবে পরিবেশনা, এরপর সন্ধ্যা ৬টায় শুরু হবে দিনের খেলা।
টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ইস্টার্ন গ্যালারির জন্য ১০০ টাকা, নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ডের ২০০ টাকা, ক্লাব হাউসের টিকিট ৫০০ টাকা ও গ্র্যান্ড স্ট্যান্ডের ১,০০০ টাকা।
উল্লেখ্য, আগামী মাসে গড়াতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই বাংলাদেশ ক্রিকেট দল। নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে না চাওয়ায় টাইগারদের বাদ দিয়েই আসরটি আয়োজন করছে আইসিসি। তাদের বদলে খেলছে স্কটল্যান্ড। যেহেতু বিশ্বকাপে বাংলাদেশ দল খেলছে না সেক্ষেত্রে এই ফাঁকা সময়ে কী করবেন ক্রিকেটাররা? এমন প্রশ্নের উত্তরে নতুন এই টুর্নামেন্ট আয়োজন করছে ক্রিকেট বোর্ড।



