আইপিএল ২০২৭-এর আগেই বড় চমক দিল পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। রাজস্থান রয়্যালসের দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা জুবিন ভারুচাকে পারফরম্যান্স ডিরেক্টর হিসেবে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
শনিবার এক বিবৃতিতে মুম্বাই ইন্ডিয়ান্স জানায়, জুবিন ফ্র্যাঞ্চাইজিটির নেতৃত্বাধীন বিভিন্ন দলের সঙ্গে কাজ করবেন এবং পুরো এমআই ইকোসিস্টেমের পারফরম্যান্স-সংক্রান্ত কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
বিবৃতিতে বলা হয়, ‘জুবিন ভারুচা মুম্বাই ইন্ডিয়ান্সের পারফরম্যান্স ডিরেক্টর হিসেবে যোগ দিচ্ছেন। তিনি এমআইয়ের বিদ্যমান মাল্টিডিসিপ্লিনারি নেতৃত্ব দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন এবং পারফরম্যান্সের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখবেন।’
মুম্বাই ইন্ডিয়ান্স আরও জানিয়েছে, দলের বর্তমান সাপোর্ট স্টাফদের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন ভারুচা। খেলোয়াড়দের উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য ফ্র্যাঞ্চাইজিটির যে সমন্বিত পদ্ধতি রয়েছে, সেটিকে আরও এগিয়ে নেওয়াই হবে তার অন্যতম দায়িত্ব।
খেলোয়াড় হিসেবে মুম্বাই ও সারের হয়ে খেলেছেন ভারুচা। ডানহাতি এই ব্যাটার ১৯৯০-এর দশকে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৭টি এবং লিস্ট ‘এ’ ক্রিকেটে ১১টি ম্যাচ খেলেছেন। এরপর তিনি কোচিং ও ক্রিকেট ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত হন।
রাজস্থান রয়্যালসের সঙ্গে তার সম্পর্ক অবশ্য বেশ পুরনো। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরেই তিনি দলটির টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব নেন এবং ২০১৫ সাল পর্যন্ত সেই পদে ছিলেন।
এরপর ২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত দিল্লি ডেয়ারডেভিলসের (বর্তমান দিল্লি ক্যাপিটালস) টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করেন। পরে ২০১৮ সালে আবারও রাজস্থান রয়্যালসে ফিরে আসেন তিনি। সেখানে প্রথমে ডিরেক্টর অব ক্রিকেট অপারেশনসের দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে ডিরেক্টর অব হাই পারফরম্যান্স পদে উন্নীত হন।
দীর্ঘদিন রাজস্থান রয়্যালসের সঙ্গে কাজ করা ভারুচাকে এবার প্রতিদ্বন্দ্বী মুম্বাই ইন্ডিয়ান্সের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ায় আইপিএল মহলে বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ২০২৭ সালের আসরের আগে তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স নিজেদের পারফরম্যান্স কাঠামো আরও শক্তিশালী করতে চাইছে বলেই মনে করা হচ্ছে।
সূত্র: এনডিটিভি।
অনুবাদ: ময়নুল সোহান, নয়া দিগন্তের ইন্টার্ন শিক্ষার্থী।



