জরুরি সভায় বসেছে ক্রিকেট বোর্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার বিষয়টি পুরোনো হলেও, সাম্প্রতিক সময়ে সেই বিষয়ে আলোচনা নতুন করে শুরু হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
অস্ট্রেলিয়ায় অবস্থান করা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ভার্চুয়ালি সভায় সভাপতিত্ব করবেন
অস্ট্রেলিয়ায় অবস্থান করা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ভার্চুয়ালি সভায় সভাপতিত্ব করবেন |ইন্টারনেট

মাঠে নেই ক্রিকেটাররা, খেলা হচ্ছে না টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিরাপত্তা শঙ্কায় ভারতে যায়নি টাইগাররা। তবে খেলা মাঠে না থাকলেও আলোচনার কমতি নেই ক্রিকেট বোর্ডে।

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে শীতল সম্পর্ক, পরিচালকদের পাল্টাপাল্টি মন্তব্য ও বর্তমান বোর্ড পর্ষদের ভবিষ্যৎ- সব মিলিয়ে জটিল সময় পার করছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

এই সঙ্কটময় পরিস্থিতিতে আজ রোববার দুপুরে জরুরি এক সভায় বসছেন বিসিবির পরিচালকরা। জানা গেছে দুপুর ১টায় ভার্চুয়ালি (জুম মিটিং) এই সভা অনুষ্ঠিত হবে।

বর্তমানে ব্যক্তিগত সফরে অস্ট্রেলিয়ায় অবস্থান করা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সেখান থেকেই সভায় সভাপতিত্ব করবেন। অংশগ্রহণ করবেন বিসিবি’র অন্যান্য পরিচালকেরাও।

দেশের ক্রিকেটাঙ্গন কিছুটা কঠিন সময় পার করছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার বিষয়টি পুরোনো হলেও, সাম্প্রতিক সময়ে সেই বিষয়ে আলোচনা নতুন করে শুরু হয়েছে।

কিছুদিন ধরেই বোর্ড পরিচালকদের পাল্টাপাল্টি মন্তব্য করতে দেখা যাচ্ছে। এদিকে, বিসিবির টুর্নামেন্ট কমিটিতে অন্য বিভাগের এক পরিচালকের হস্তক্ষেপেরও অভিযোগ উঠেছে।

এছাড়া নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ঠিকঠাক সম্পর্কটা জমছে না বিসিবি’র। বিসিবি’র শেষ নির্বাচন নিয়েও সন্তুষ্ট নন আমিনুল হক। ফলে যেকোনো সময় ক্রিকেট বোর্ডে ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত কিছু।

এসব অস্থিরতার মাঝেই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের অস্ট্রেলিয়া সফর বিতর্ক বাড়িয়েছে আরো। শোনা যাচ্ছে নানা গুঞ্জন। এমন পরিস্থিতিতে বিসিবি’র জরুরি বোর্ড সভা ভাবাচ্ছে সবাইকে।

তব আজকের সভার মূল অ্যাজেন্ডা হিসেবে থাকছে আসন্ন নারী বিপিএলের সূচি নির্ধারণ ও নতুন প্রধান নির্বাচক নিয়োগের বিষয়টি। কথা হবে আসন্ন বিসিএল ও পাকিস্তান সিরিজ নিয়েও।