শিরোপা নিষ্পত্তির মাধ্যমে শেষ হয়েছে এক মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। শিরোপা গেছে ক্রিকেটের ‘আতুঘর’ ভারতে। শুধু শিরোপা নয়, আইসিসির ঘোষিত সেরা একাদশেও দেখা মিলল ভারতীয়দের আধিপত্য।
ব্যাট-বলের লড়াইয়ে আলাদাভাবে নজর কাড়া বেশ কয়েকজন ক্রিকেটার নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। অধিনায়ক করা হয়েছে এইডেন মার্করামকে।
সেরা ১১ মাঝে সর্বোচ্চ চারজন ক্রিকেটার জায়গা পেয়েছেন ভারত থেকে। তবে আশ্চর্যজনকভাবে ফাইনালের আরেক দল নিউজিল্যান্ড থেকে জায়গা পাননি কেউই।
চারজন আছেন দুই সেমিফাইনালিস্ট- ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার থেকে। পাকিস্তান, ওয়েস্ট ও জিম্বাবুয়ে থেকেও আছেন একজন করে। অতিরিক্ত থাকা একজন যুক্তরাষ্ট্রের।
প্রত্যাশিত পারফর্ম করতে না পারায় স্বাভাবিকভাবেই একাদশে নেই অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আফগানিস্তান দলেরও কেউ। বাকি সদস্য দেশগুলোরও নেই কোনো প্রতিনিধি।
ভারতের হয়ে সেরা একাদশে রয়েছেন সঞ্জু স্যামসন, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া ও জাসপ্রিত বুমরাহ। যেখানে সঞ্জু ৫ ইনিংসে ৩২১ রান করে জিতেছেন টুর্নামেন্ট সেরার ট্রফিও। অন্যদিকে বুমরাহ পেয়েছেন সর্বোচ্চ ১৪ উইকেট।
দলের ওপেনিংয়ে জায়গা পেয়েছেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান, যিনি ৩৮৩ রান করে টুর্নামেন্ট ইতিহাসেরই সর্বোচ্চ রান সংগ্রাহক। এবারের বিশ্বকাপে জোড়া সেঞ্চুরি করেন তিনি।
সেরা একাদশের অধিনায়ক মার্করাম আসরে ৫ ইনিংসে ২৮৬ রান করেন। আর দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডি ১২ উইকেট নিয়ে জায়গা করে নিয়েছেন এই দলে।
ইংল্যান্ডের অলরাউন্ডার উইল জ্যাকস ব্যাট ও বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে সেরা একাদশে স্থান পেয়েছেন। তার সতীর্থ লেগ স্পিনার আদিল রশিদও রয়েছেন এই তালিকায়।
ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জেসন হোল্ডার ব্যাট ও বল দুই বিভাগেই ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে নির্বাচিত হয়েছেন। এছাড়া জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানিও একাদশে।
এই দলে ১২তম খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের পেসার শ্যাডলি ভ্যান শাল্কউইককে। তিনি টুর্নামেন্টে ১৩ উইকেট নিয়ে নজর কেড়েছেন এবং তার ইকোনমি রেট ছিল ৬.৮০।
সেরা একাদশ
সাহিবজাদা ফারহান, সাঞ্জু স্যামসন (উইকেটকিপার), ইশান কিশান, এইডেন মার্করাম (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, উইল জ্যাকস, জেসন হোল্ডার, জাসপ্রিত বুমরাহ, লুঙ্গি এনগিডি, আদিল রশিদ ও ব্লেসিং মুজারাবানি। ১২তম খেলোয়াড়: শ্যাডলি ভ্যান শাল্কউইক।



