আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারতের লড়াই ঘিরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ অনুষ্ঠেয় এ ম্যাচ ঘিরে দুই দেশের কোটি সমর্থকের চোখ এখন শ্রীলঙ্কায়। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ম্যাচের একাদশ চূড়ান্ত করতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। ফখর জামানকে না খেলানোর ইঙ্গিত মিলেছে আগেই। পিচ পরিস্থিতি দেখে খাজা নাফে ও সালমান মির্জার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। যদি সালমান মির্জা একাদশে জায়গা পান, সেক্ষেত্রে ফাহিম আশরাফকে বসতে হতে পারে।
দলীয় সূত্র আরো জানায়, গতি তারকা শাহিন আফ্রিদির চূড়ান্ত একাদশে থাকা প্রায় নিশ্চিত। ভারতের ব্যাটার অভিষেক শর্মার বিপক্ষে কৌশলগতভাবে স্পিনার উসমান তারিককে নতুন বলে আক্রমণে আনার পরিকল্পনাও রয়েছে পাকিস্তানি টিম ম্যানেজমেন্টের।
আবহাওয়া নিয়েও ছিল শঙ্কা। তবে কলম্বোয় আজ বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে কমছে বলে জানা গেছে। ফলে পূর্ণাঙ্গ ম্যাচ আয়োজনের আশা জোরদার হয়েছে। সুতরাং চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের এ লড়াইয়ে কৌশল, ধৈর্য ও আত্মবিশ্বাসই নির্ধারণ করবে বিজয়ের ভাগ্য।



