স্পিন ঘূর্ণি নয়, পেসারদের আগুনেই পুড়ছে অস্ট্রেলিয়া। পাওয়ার প্লে পেরোতেই নেই ৩ উইকেট। উইকেট ভাগাভাগি করেছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।
অবশ্য মাত্র ২ রানেই অজিদের জোড়া উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। প্রথম উইকেট আসে একদম প্রথম বলেই। তাসকিন আহমেদের বলে স্ট্যাম্প ভাঙে ম্যাথু শর্টের (০)।
পরের উইকেট নেন মোস্তাফিজ। ৬ বলে ১ রান করা মার্নাস লাবুশেনকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন তিনি। বিপদে পড়ে যায় অস্ট্রেলিয়া। বিপদ বাড়তে পারতো আরো, সুযোগও এসেছিল।
চতুর্থ ওভারে মোস্তাফিজের বলে স্লিপে ক্যাচ দিয়েছিলেন কনোলি, তানজিদ তামিম সহজ ক্যাচটি নিতে পারেননি। জীবন পেয়ে অধিনায়ক জশ ইংলিসকে নিয়ে ইনিংসের হাল ধরেন তিনি।
দুজনের জুটিতে আর কোনো বিপদ ছাড়াই পাওয়ার প্লেতে ৫০ রান যোগ করে অজিরা। তবে পাওয়ার প্লে শেষ হতেই ভাঙে তাদের প্রতিরোধ। অজি অধিনায়ককে তুলে নেন নাহিদ রানা।
উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ইংলিস। আউট হন ২৫ বলে ১৯ করে। তবে ১২ ওভার শেষে ৩২ বলে ২৩ রানে অপরাজিত আছেন কনোলি। অস্ট্রেলিয়ার রান ৩ উইকেটে ৫৩।
জয়ের জন্য এখনো ২৩০ বলে ২৩২ রান চাই অজিদের। হাতে আছে ৭ উইকেট।
উল্লেখ্য, মিরপুরে আজ তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টসে হেরে আগে ব্যাট করে ৮ উইকেটে ২৮৪ রান করে টাইগাররা।



