চট্টগ্রাম দলের অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। দ্রুত সময়ে হাসপাতালে নেয়া হয়েছে তাকে। যদিও গুরুতর কিছু ঘটেনি, তবে সাবধানতার কমতি রাখছে না ম্যানেজমেন্ট।
দলীয় সূত্রে জানা গেছে, অনুশীলনের সময় সতীর্থ এক ক্রিকেটারের সাথে ধাক্কা লেগে মাথার এক পাশে ব্যথা পেয়েছেন শরিফুল। এমনিতে কয়েকদিন ধরে ঠান্ডাজনিত সমস্যায় ভুগছেন এই পেসার।
আগামীকাল যেহেতু ম্যাচ আছে, এজন্য ঝুঁকি না নিয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হয়েছে শরিফুলকে। কোনো প্রকার অনিশ্চয়তায় থাকতে চায় না ম্যানেজমেন্ট।
এই প্রসঙ্গে দলের এক সদস্য বলেন, চোট খুব বেশি গুরুতর বলে মনে হচ্ছে না। তবে যেহেতু মাথায় আঘাত পেয়েছে, এজন্য আমরা নিশ্চিত হতে চাচ্ছি। পরীক্ষার ফল এলে বাকি অবস্থা জানা যাবে।
বিপিএল শুরুর পর থেকেই মাঠের বাইরের নানা কাণ্ডে আলোচনায় চট্টগ্রাম রয়্যালস। আসর শুরুর আগের দিন মালিকানায় আসে পরিবর্তন। এই মুহূর্তে দলটি পরিচালনা করছে বিসিবি।



