নায়ক থেকে খলনায়ক আকবর আলী, ফাইনালে হেরে গেলো বাংলাদেশ

বোলিংয়ে বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত। প্রথম ওভারেই বাবর হায়াত ও আনশি রাথকে গোল্ডেন ডাকে ফেরান আবু হায়দার। তবে তিন নম্বরে নেমে ২১ বলে ৮৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন আইজাজ।

নয়া দিগন্ত অনলাইন

শিরোপা হাতছাড়া হয়েছিল আগেই, সুযোগ ছিল প্লেট চ্যাম্পিয়ন হবার। সেই পথেই ছিল বাংলাদেশ। তবে খুব কাছে গিয়েও সুযোগ হয়েছে হাতছাড়া। নায়ক থেকে ‘খলনায়ক’ বনে গেছেন আকবর আলী।

শেষ ওভারে জয়ের জন্য হংকংয়ের প্রয়োজন ছিল ৩০ রান। যেকোনো বোলারের বিপক্ষেই এই রান তোলা সহজ হওয়ার কথা নয়। তবে বল হাতে আকবর আলী এই রানও আটকাতে পারেননি।

মং ককের মিশন রোড গ্রাউন্ডে প্লেট ফাইনালে বাংলাদেশকে ১ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলো হংকং। যেখানে আগে ব্যাট করে ৫ উইকেটে ১২০ রান করে টাইগাররা। জবাবে শেষ বলে লক্ষ্য পেরিয়ে যায় হংকং।

বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখান আকবর আলীই, ৭ ছক্কায় ১৩ বলে ৫১ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া ৭ বলে ২৭ রানের ইনিংস খেলেন জিসান আলম ও ৮ বলে ২৮ রান করেন আবু হায়দার রনি।

বোলিংয়ে বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত। প্রথম ওভারেই বাবর হায়াত ও আনশি রাথকে গোল্ডেন ডাকে ফেরান আবু হায়দার। তবে তিন নম্বরে নেমে ২১ বলে ৮৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন আইজাজ।

১০ বলে ২৮ রান আসে নিজাকাত খানের ব্যাট থেকে। একপর্যায়ে শেষ ওভারে ৩০ রান প্রয়োজন ছিল হংকংয়ের। আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওভারে দারুণ বোলিং করা আকবর আসেন বল হাতে। তবে এবার হজম করেন ৫ ছক্কা! তাতে ম্যাচটা হেরে যায় বাংলাদেশ। ২২ রান দিয়ে ৪ উইকেট নিয়েও দলকে জেতাতে পারেননি আবু হায়দার।