আয়ারল্যান্ডকে হারিয়ে জয়ে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

৪টি চার ও ২টি ছক্কায় ১৯ বলে ২৩১ স্ট্রাইক রেটে ৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন কামিন্দু।

নয়া দিগন্ত অনলাইন
আয়ারল্যান্ডকে হারিয়ে জয়ে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার
আয়ারল্যান্ডকে হারিয়ে জয়ে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার |ক্রিকইনফো থেকে নেয়া ছবি

ব্যাটারদের পর স্পিনারদের বোলিং নৈপুণ্যে জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু করল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।

গতরাতে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ২০ রানে হারিয়েছে আয়ারল্যান্ডকে।

ঘরের মাঠ কলম্বোতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে কুশল মেন্ডিসের হাফ-সেঞ্চুরি ও কামিন্দু মেন্ডিসের ঝড়ো ইনিংসের ওপর ভর করে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৩ রান করে শ্রীলঙ্কা।

৮৬ রানে চতুর্থ উইকেট পতনের পর জুটি বাঁধেন কুশল ও কামিন্দু। পঞ্চম উইকেটে ৩০ বলে ৬৭ রান যোগ করেন তারা।

তিন নম্বরে নেমে ৫টি চারে ৪৩ বলে অনবদ্য ৫৬ রান করেন কুশল। শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন কামিন্দু।

৪টি চার ও ২টি ছক্কায় ১৯ বলে ২৩১ স্ট্রাইক রেটে ৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন কামিন্দু।

আয়ারল্যান্ডের ব্যারি ম্যাককার্থি ও জিওর্জি ডকরেল ২টি করে উইকেট নেন।

জবাবে ৫৬ রানে ২ উইকেট হারায় আয়ারল্যান্ড। তৃতীয় উইকেটে হ্যারি টেক্টর ও লরকান টাকার ৩৮ বলে ৪৯ রান যোগ করলে ১৪ ওভারে ২ উইকেটে ১০৪ রান তুলে জয়ের লড়াইয়ে ফিরে আইরিশরা।

কিন্তু ১৫তম ওভার থেকে শ্রীলঙ্কার তিন স্পিনারের তোপের মুখে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯.৫ ওভারে ১৪৩ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। ৩৮ রানে শেষ ৮ উইকেট হারায় তারা।

হ্যারি ৩৪ বলে ৪০, রস অ্যাডায়ার ৩৪ ও লরকান ২১ রান করেন। শ্রীলঙ্কার তিন স্পিনার মিলে ৭ উইকেট শিকার করেন। হাসারাঙ্গা ডি সিলভা ও মহেশ থিকশানা ৩টি করে এবং দুনিথ ওয়েলালাগে ১ উইকেট নেন। ম্যাচ সেরা হন কামিন্দু।