সিরিজ জয়ের হাতছানি টাইগারদের, সেরা হওয়ার সুযোগ লিটনের

বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারালে এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ পাচ্ছে। এই ম্যাচ জিতলে লিটন দাস দেশের টি-টোয়েন্টি ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক হওয়ার রেকর্ড গড়তে পারেন।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে উড়ন্ত সূচনা পেয়েছে বাংলাদেশ। তাদের সামনে এখন এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের সম্ভাবনা। অন্যদিক লিটন দাসের সামনে হাতছানি সেরা অধিনায়ক হয়ে ওঠার।

চট্টগ্রামে আজ বুধবার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। দুপুর ২টায় শুরু হবে খেলা। যদিও বৃষ্টি বাঁধায় সঠিক সময়ে খেলা মাঠে গড়ানো নিয়ে আছে শঙ্কা।

এই ম্যাচ জিতলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে ফেলবে বাংলাদেশ। আর তা করতে পারলে অধিনায়ক লিটন

গড়বেন দারুণ এক রেকর্ড। বনে যাবেন টি-টোয়েন্টিতে দেশের সেরা অধিনায়ক।

এই সংস্করণে জয়-পরাজয়ের হারে আগেই সবার ওপরে ছিলেন লিটন দাস। এবার জয়ের সংখ্যায়ও সবাইকে টপকে যাবেন তিনি। পেছনে ফেলবেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদকে।

এখন পর্যন্ত ৩০ ম্যাচে অধিনায়কত্ব করে ১৬টি জয় পেয়েছেন লিটন। হেরেছেন ১৩ ম্যাচে। জয়-পরাজয়ের হার ৫৩.৩৩ শতাংশ। অন্তত ১০ ম্যাচ নেতৃত্ব দেয়া অধিনায়কদের মাঝে যা সর্বোচ্চ।

আরেকটি ম্যাচ জিতলে জয়ের সংখ্যায়ও সবার ওপরে উঠে যাবেন লিটন। রিয়াদের নেতৃত্বে ৪৩ ম্যাচের ১৬টি জয় বাংলাদেশ। আর সাকিবের অধিনায়কত্বে ৩৯ ম্যাচে জয় আসে ১৬টি।

দুজনের চেয়ে কম ম্যাচ খেলেই দেশের সফলতম অধিনায়ক হওয়ার সুযোগ এখন লিটনের সামনে। যদিও তার ইতিহাস গড়ার অপেক্ষা হয়তো বাড়িয়ে দিতে পারে প্রকৃতি। রাতভর ভারী বর্ষণে ভিজেছে চট্টগ্রাম নগরী।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, খেলার সময়েও রয়েছে বৃষ্টির শঙ্কা। তাই দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি ভেসে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। যদিও এখন বৃষ্টি নেই, মাঠের ড্রেনেজ ব্যবস্থাও বেশ ভালো।

এরপরও ম্যাচ পরিত্যক্ত হয়ে গেলেও এই সিরিজেই আরেকটি সুযোগ পাবেন লিটন। মিরপুরে আগামী শনিবার সিরিজের তৃতীয় ম্যাচে লড়বে দু’দল।