এবারের বিশ্বকাপটা ভালো যায়নি আফগানিস্তানের। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় তাদের। দলের এমন ব্যর্থতায় কপাল পুড়ছে রশিদ খানের, নেতৃত্ব হারানোর শঙ্কায় তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে সেমিফাইনালে খেলেছিল আফগানিস্তান। কিন্তু এবারের আসরে সুবিধা করতে পারেনি তারা। চার ম্যাচ খেলে ২ ম্যাচে জয় পায় তারা।
আরব আমিরাত ও কানাডার সাথে জিতলেও রশিদ খানের দল হেরে যায় দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সাথে। তাতেই সুপার এইট থেকে ছিটকে যায় আফগানরা।
অধিনায়ক হিসেবে ব্যর্থতার দায়টা তাই রশিদ খানের ওপরই বর্তায়। এজন্য নেতৃত্ব হারাতে চলেছেন তিনি। আফগান সংবাদমাধ্যম আমু টিভির এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
তারা জানিয়েছে, রশিদ খান ব্যক্তিগত কারণ দেখিয়ে নেতৃত্ব ছেড়ে দেবেন। আর তার জায়গায় আফগানিস্তান জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক হবেন ইবরাহিম জাদরান।
ইবরাহিমের পাশাপাশি আলোচনায় আছেন রাহমানউল্লাহ গুরবাজ ও আজমতউল্লাহ ওমরজাইও। জানা গেছে- ওমরজাই নিজ থেকেই অধিনায়কত্ব করবেন না বলে জানিয়েছেন।
অবশ্য এখন পর্যন্ত এই প্রসঙ্গে বিস্তারিত কোনোকিছুই প্রকাশ্যে আসেনি। বোর্ড থেকেও জানানো হয়নি তেমন কিছু।
উল্লেখ্য, ২০১৯ সালে আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পান রশিদ খান। এরপর ৬ বছরে দলকে নেতৃত্ব দেন ৪৮ ম্যাচে। তার অধীনে ২৬ ম্যাচে জয় পায় আফগানরা। বিপরীতে হেরেছে ২১ ম্যাচে।



