সময়টা যেন এখন নাহিদ রানার। ক্রিকেটপাড়ায় প্রশংসায় ভাসছেন। দেশের ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির বোলার তিনি। সেই সহজাত গতির সাথে বোলিংয়ে যোগ করে চলেছেন আরো অনেক অস্ত্র।
সাফল্যও ধরা দিচ্ছে। ১০ টেস্টে ২৭ উইকেট হয়ে গেছে তার। লাল বলের সাফল্য বয়ে এনেছেন তিনি সাদা বলেও। পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দু’টি সিরিজ জয় করে তিনি ম্যান অব দ্য সিরিজ হয়েছেন।
এই অবস্থায় তাকে নিয়ে সর্বত্র আলোচনা হওয়াই স্বাভাবিক। এবার সে আলোচনায় যোগ দিলেন টাইগারদের পেস বোলিং কোচ শন টেইট। জানালেন, নাহিদের মাঝে নিজের ছায়া দেখতে পান অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার।
‘ইএসপিএন ক্রিকইনফো’কে দেয়া সাক্ষাৎকারে নাহিদকে নিয়ে টেইট বলেন, ‘আমাদের ক্যারেক্টারে কিছুটা মিল আছে মনে হয়। সে অনেক রিল্যাক্সড। সে নিজের খেলাটা সম্পর্কে ভালোভাবে জানে।’
‘রানা কোনো কিছু অতিরিক্ত জটিল করে ফেলে না। আমার মনে হয় আমিও এমন কাছাকাছি ছিলাম। আমি গ্রামের ছেলে ছিলাম, সেও এরকমই। ফলে আমার মনে হয়, রানা আমার মতই অনেকটা।’
টেইট আরো যোগ করেন, ‘সে এখন বেশি খেলছে। তার শুধু বাংলাদেশ জাতীয় দলে খেলা দরকার ছিল। তার মাঝে সব ধরনের সামর্থ্য রয়েছে। গতির সাথে প্রতিভাও আছে। যার ফলে গভীরতা সম্পর্কেও ভালো ধারণা পাওয়া যাচ্ছে।’
টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও এখন সাদা বলে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার নাহিদ। এই সম্পর্কে টেইট বলেন, ‘এখন সে সাদা বলে ভালো সুযোগ পাচ্ছে।’
‘পিএসএলেও খেলেছে সে, দুর্দান্ত বল করেছে। সেখানে অনেককে কাঁপিয়ে দিয়েছে। ভালো কিছু শর্ট বল করেছে, কিছু উইকেটও তুলেছে। তরুণ এক্সপ্রেস বোলাররা দারুণ এক্সাইটিং, ফলে তাকে নিয়ে কথা বেশি হওয়ার কথাই ছিল।’
তবে বাস্তবতাও তুলে ধরেছেন টেইট। এক্সপ্রেস বোলাররা যে সবসময় ভালো করবে না সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি। তবে এক্সপ্রেস বোলাররা যে দিন শেষে একটা অস্ত্র সেটা মাথায় রাখতে বলেছেন টাইগারদের পেস বোলিং কোচ।
শন টেইট বলেন, ‘এক্সপ্রেস বোলারদের নিয়ে আরো কিছু ব্যাপার রয়েছে। সবসময় তার দিন আসবে না, মাঝেমাঝে তোমার দিন থাকবে না, তোমার উইকেট থাকবে না। তবে দিন শেষে সে একজন অস্ত্র। পাকিস্তান সিরিজেই আমরা এমনটা দেখেছি।’



