ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে উপকারের বদলা চায় শ্রীলঙ্কা

পাকিস্তানের মাটিতে ক্রিকেট ফেরাতে যে ভূমিকা রেখেছিল শ্রীলঙ্কা, তা স্মরণ করিয়ে ১৫ ফেব্রুয়ারি ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন করতে চায় দেশটি।

আফ্ফান উসামা
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে তুমুল আগ্রহ
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে তুমুল আগ্রহ |ফাইল ছবি

পাকিস্তানকে এবার চিঠি দিল শ্রীলঙ্কা। ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে ম্যান ইন গ্রিনদের অনুরোধ করেছে তারা। চিঠিতে স্মরণ করিয়ে দিয়েছে অতীতের ঘটনাও।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থেকে পাকিস্তানকে কলম্বোতে নির্ধারিত সূচিতে ভারতের সাথে ম্যাচটি খেলার সিদ্ধান্ত বিবেচনার আহ্বান জানান হয়।

পাকিস্তান ক্রিকেটের দুঃসময়ে শ্রীলঙ্কা পাশে ছিলো সেটাও মনে করিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। সব মিলিয়ে উপকারের বদলা চেয়ে বসেছে দেশটি। তাদের দাবি ভারত-পাকিস্তান ম্যাচ হোক।

মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পিসিবিকে অনুরোধ করে চিঠি লিখেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মি সিলভা। তিনি জানান, পাকিস্তানের এই সিদ্ধান্ত ক্ষতিগ্রস্ত করবে শ্রীলঙ্কাকেও।

এই ম্যাচ বয়কটের প্রভাব কি হতে পারে, সে সবও চিঠিতে উল্লেখ করেছেন এসএলসি প্রধান। সব মিলিয়ে পাকিস্তানকে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন তিনি।

পাকিস্তান ক্রিকেটের দুঃসময়ে শ্রীলঙ্কা পাশে ছিলো সেটাও মনে করিয়ে দিয়েছেন শাম্মি সিলভা। পাকিস্তানের বিপদে বন্ধুর পরিচয় দিয়ে এগিয়ে এসেছিলো শ্রীলঙ্কান ক্রিকেট, এবার তার প্রতিদান চাইছে তারা।

মনে করিয়ে দেন ২০০৯ সালে পাকিস্তানে শ্রীলঙ্কা দলের উপর সন্ত্রাসীদের হামলা হলে, যখন অন্যদলগুলো পাকিস্তান ভ্রমণে যেতে অপারগতা জানায়— তখন শ্রীলঙ্কাই বড় কোনো দল হিসেবে আবারো পাকিস্তান সফর করে।

পাকিস্তানের মাটিতে ক্রিকেট ফেরাতে যে ভূমিকা রেখেছিল শ্রীলঙ্কা, তা স্মরণ করিয়ে ১৫ ফেব্রুয়ারি ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন করতে চায় দেশটি।

পাকিস্তান দল এই এক ম্যাচ না খেললে দেশটির সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে বলেও চিঠিতে উল্লেখ করেন এসএলসি প্রধান। ইতোমধ্যে যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, তাও জানানো হয়েছে চিঠিতে।

চিঠিতে আরো উল্লেখ করা হয়েছে, শ্রীলঙ্কায় হতে যাওয়া ম্যাচগুলোর টিকিট বিক্রি হয়ে গেছে এবং দর্শকদের মাঝে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে তুমুল আগ্রহ দেখা গেছে।

ফলে এসএলসি সতর্ক করে দিয়েছে, এ ধরণের মার্কি ম্যাচে অংশগ্রহণ না করলে ব্যাপক আর্থিক প্রভাব পড়বে। এমনকি শ্রীলঙ্কার পর্যটন খাতেও এর নেতিবাচক প্রভাব পড়বে।

উল্লেখ্য টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের পর্দা উঠছে শনিবার। ভারত ও শ্রীলঙ্কার মাঠে অনুষ্ঠিত হবে ২০ দলের এই টুর্নামেন্ট। যেখানে ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত ও পাকিস্তানের।

কিন্তু বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়ায় সংহতি জানিয়ে কলম্বোতে অনুষ্ঠিত হতে যাওয়া গ্রুপপর্বের এই ম্যাচটি বয়কটের ঘোষণা দেয় পাকিস্তান।